বাসে আগুন ও ককটেল নিক্ষেপ, প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ এবং মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এরই মধ্যে কয়েকটি খালি বাসে আগুন দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এসব ঘটনার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন তারা।

তারা বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের মধ্যে কেউ তাদের প্রতি সহানুভূতিশীল থাকলে তাদেরও চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কোনো অবস্থাতেই নাগরিকদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া যাবে না।

বিবৃতিতে নেতারা আরও অভিযোগ করেন, পতিত ‘ফ্যাসিবাদের’ শীর্ষ নেতারা বিদেশে অবস্থান করলেও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। দেশে থাকা তাদের সহযোগীদের স্থানীয় ক্ষমতাসীন দলের লোকজন এবং কোনো কোনো ক্ষেত্রে বিরোধী দলের নেতাকর্মীরা আশ্রয় ও পুনর্বাসন করেছেন বলেও দাবি করেন তারা। সাম্প্রতিক ঘটনাগুলো এরই প্রতিফলন বলে মনে করেন ইসলামী আন্দোলনের নেতারা।

তারা বলেন, অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা এবং অন্যদের পুনর্মিলন প্রক্রিয়ার মাধ্যমে সমাজে ঐক্য প্রতিষ্ঠার দাবি শুরু থেকেই জানিয়ে আসছে ইসলামী আন্দোলন। তবে সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে সমাজে বিভক্তি রয়ে গেছে, যার সুযোগ নিচ্ছে পরাজিত শক্তি।

নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, একটি পক্ষ আতঙ্ক ছড়াতে চায়। তাদের সেই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন