বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাই তার পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তার হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়?’

এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘Bangladesh does not give passport to terrorists. It asked to handed over’। অর্থাৎ, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং তাদের হস্তান্তর কথা বলা হয়েছে। 

তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার আবেদন করেছেন শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটিকে তার নেওয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন