রোমাঞ্চকর জয় দিয়েই ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের মিশন শুরু করেছে দৈনিক কালবেলা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ সুপার ওভারে এনটিভিকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে টিম কালবেলা। প্রথমে ব্যাট করে শাওন-মোস্তফার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৬ ওভারে ৮৯ রান সংগ্রহ করে শেখ হারুনের দল। জবাবে নাজিবুরের ব্যাটিং নৈপূন্যে এনটিভিরও সংগ্রহ দাঁড়ায় সমান ৮৯ রান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ব্যাটে-বলে শেখ হারুনের চমকে জয়-উৎসবে মাতে কালবেলা।
পল্টন আউটার স্টেডিয়ামে আজ মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কালবেলার অধিনায়ক শেখ হারুন। এনটিভির বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন এনায়েত শাওন এবং হুমায়ুন কবির। ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের বোলারদের দেখে-শুনেই খেলেন তারা। তবে হুমায়ুন ৩ বলে ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। পরবর্তীতে ব্যাটিংয়ে নামেন দলের সেরা তারকা শেখ হারুন। কিন্তু দুর্ভাগ্য, এদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কালবেলার অধিনায়ক। ২ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান হারুন। ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে তার জন্য যা বিব্রতকর রেকর্ড।
পরপর ২ উইকেট হারিয়ে দল যখন কিছুটা বিপর্যস্ত তখন ব্যাট হাতে মাঠে নামেন গোলাম মোস্তফা। মাঠে নেমেই ঝড় তুলেন তিনি। ৫ চার ও ২ ছক্কায় মাত্র ১৩ বলে ৩৬ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেন মোস্তফা। তবে এদিন সেরা খেলাটা উপহার দিয়েছেন এনায়েত শাওন। ওপেনিংয়ে নেমে পুরো ম্যাচেই দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি। শেষ পর্যন্ত ৪টি চার ও ২টি ছক্কায় ১৮ বলে ৩১ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন শাওন। ফলে নির্ধারিত ৬ ওভারে কালবেলার সংগ্রহ দাঁড়ায় ৮৯ রান।
৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে এনটিভি। নাজিবুরের ৫৮ আর সাদিকের ১০ রানের সৌজন্যে এনটিভিরও সংগ্রহ দাঁড়ায় ৮৯ রান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে বাজিমাত করেন শেখ হারুন। প্রথমে বল করে মাত্র ১৬ রানেই আটকে দেন এনটিভিকে। জবাবে ৫ বলেই ১ চার ও ২ ছক্কায় ১৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হারুন। সুপার ওভারে ব্যাট-বলে অসাধারণ খেলে ম্যাচসেরার পুরস্কারটাও নিজের শোকেসে তুলে নেন শেখ হারুন।
শেখ হারুন-এনায়েত শাওন জুটি ছাড়াও কালবেলার হয়ে এদিন বল হাতে আলাদাভাবে নজর কেড়েছেন রেজাউল রেজা এবং ফারুক আলম। ম্যাচে মাহমুদুল হাসানের ফিল্ডিংও ছিল দুর্দান্ত।
ম্যাচে কালবেলার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন চিফ রিপোর্টার ইউসুফ আরেফিন। পুরো সময়ই দলকে দারুণভাবে মোটিভেট করেন তিনি। এছাড়া, গ্যালরিতে থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছেন শফিকুল ইসলাম স্বপ্ন, রকি আহমেদ এবং কাজী পাপ্পু।
