ভারত-অস্ট্রেলিয়াও যা পারেনি তাই করে জিম্বাবুয়ের বিরল বিশ্বরেকর্ড

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

আফগানিস্তান ও জিম্বাবুয়ের প্রথম টেস্ট তিন ইনিংসেই শেষ হয়েছে। আলোকস্বল্পতায় একাধিক দিন বিঘ্ন ঘটলেও পাঁচদিনের খেলা নিষ্পত্তি হয়েছে ড্র–তে। দুই ইনিংসেই টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে দেড়শ রানের বেশি খরচের রেকর্ড গড়লেন আফগান স্পিন অলরাউন্ডার জিয়া-উর-রেহমান। আর জিম্বাবুয়ে ইতিহাসের প্রথম জাতীয় দল হিসেবে টেস্টের দুই ইনিংসে ৫০০ রানের বিরল কীর্তি গড়েছে। ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো দলও যা করতে পারেনি।

আন্তর্জাতিক টেস্ট ম্যাচে এর আগে কোনো দেশ দুই ইনিংসেই ন্যূনতম ৫০০ রান করার নজির ছিল না। আফগানিস্তানের বিপক্ষে যথাক্রমে ৫০৪ ও ৫২৩ রান করে জিম্বাবুয়ে সেই ইতিহাস গড়েছে। প্রথম ইনিংসে ব্রেন্ডন টেইলর ১৩১ ও অধিনায়ক ব্রায়ান বেনেট ১২৮ রান করেন। দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করে রানআউট হন টেইলর। তবে আরেক অভিজ্ঞ তারকা ক্রেইগ আরবাইন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি (২০৬) ও ওয়েসলি মাধভেয়ার ১০০ রান করেন।

জিম্বাবুয়ের দুই ইনিংসেই এমন ব্যাটিংয়ে কার্যত তাদের জিততে না চাওয়ার কিংবা ম্যাচে জয়-পরাজয় নিয়ে অনিশ্চয়তা থাকার ইঙ্গিত রয়েছে। যেহেতু আলোকস্বল্পতায় দু’দিনই খেলা হয়েছে অর্ধেক সময়। সে কারণে দু’দিন অবশ্য বাড়তি ওভারের খেলা হয়। জিম্বাবুয়ের ৫০৪ রানের পর আফগানিস্তান প্রথম ইনিংসে ৫১৪ রান তোলে। তাদের ১০ রানের লিড পেরিয়ে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসেও নামে ম্যারাথন ব্যাটিংয়ে। জয়ের চেষ্টা বা পরিকল্পনা না থাকার বিষয় ছিল স্পষ্ট!

তাদের বিপক্ষে উভয় ইনিংসেই দেড়শ রানের বেশি খরচ করেছেন আফগান বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার জিয়া-উর-রেহমান। দুই ইনিংসে যথাক্রমে তিনি ১৭০ ও ১৭৩ রান দিয়েছেন। বল করেছেন মোট ৯৬ ওভার। এর আগে টেস্টের দুই ইনিংসেই ন্যূনতম দেড়শ রান খরচেরও নজির ছিল না। জিয়া মোট রান দিয়েছেন ৩৪৩, এটি অবশ্য টেস্টে সবমিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের টমি স্কট সর্বোচ্চ এক টেস্টে ৩৭৪ ও ২০০৮ সালে অস্ট্রেলিয়ার ক্রেজা জেসন দেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৮ রান।

জিম্বাবুয়ে-আফগানিস্তানের এই টেস্টে সাতটি ব্যক্তিগত সেঞ্চুরি হয়েছে। এ নিয়ে সর্বমোট ১১ বার ন্যূনতম সাত বা তার বেশি ব্যক্তিগত সেঞ্চুরি দেখা গেছে টেস্টে। কেবল দুটি টেস্টে হয়েছিল আটটি সেঞ্চুরি। দ্বিতীয় সর্বোচ্চ বয়সী (৪০ বছর ২৭২ দিন) হিসেবে ব্রেন্ডন টেইলর ম্যাচটিতে ডাবল সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ৪০ বছর ৩১৪ দিন বয়সে টেস্টে ডাবল সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ড কিংবদন্তি গ্রাহাম গুচের।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন