ককটেল, পটকা ফাটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং তারেক রহমানের সরকারকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের আয়োজিত বিক্ষোভ মিছিলে এসে এসব কথা বলেন তিনি।
নাছির বলেন, আমরা গত ১৭ বছর স্বপ্ন দেখেছিলাম তারেক রহমানকে এই দেশের জনগণের ভোটের মাধ্যমে আমরা সরকারের দায়িত্ব অর্পণ করব, আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমাদের ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের সরকারকে সফল করতে হলে আমাদের মধ্যে কোনো বিভেদ, অনৈক্য রাখা যাবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাই-আগস্টে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। সেই ক্ষোভ থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে। কয়েকটি ককটেল ও পটকা ফুটিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ভয় দেখানো সম্ভব নয়। জুলাই-আগস্টে আমরা গুলিকে ভয় পাইনি।
কলেজ শাখা ছাত্রদলের বিষয়ে তিনি বলেন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকবে, কিন্তু ঢাকা কলেজ তারেক রহমানের সাথে, সরকারের সাথে সবসময় ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে। আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিট থেকেও ঢাকা কলেজ ছাত্রদল অত্যন্ত সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধভাবে তারা সব অপারেশন সফল করেছে।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে নাছির বলেন, অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদলকে বিএনপির ভ্যানগার্ড হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারেক রহমানের সরকারকে সহযোগিতা করতে হবে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি ছাত্রদলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
