১২ দলীয় জোটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নীতিনির্ধারণী পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাসের জন্য ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিমকে জোটের মুখপাত্র এবং ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানকে সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর একটি রেস্টুরেন্টে ১২ দলীয় জোটের এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মহাসচিব কাজী নাহিদ।
সভায় জোটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নীতিনির্ধারণী পর্যায় শক্তিশালীকরণ, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং রাজনৈতিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জোটের মুখপাত্র ও সমন্বয়ক নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নেতারা ১২ দলীয় জোটের ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা অটুট রাখার পাশাপাশি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও সুসংহত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে জোটের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দার, যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ লিবারেল পার্টির চেয়ারম্যান আবুল বাসার, ইসলামীক পার্টির মহাসচিব আবুল কাসেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আব্দুল মান্নান প্রমুখ।
