মিচিনের সঙ্গে লড়াই জিতে নতুন আলোচনার জন্ম দিলেন বেইলি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম

ডব্লিউডব্লিউই র-এর ৯ নভেম্বরের পর্বে মিচিনকে হারিয়েছেন বেইলি। তবে ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মিচিনকে ডব্লিউডব্লিউইর অন্যতম প্রতিভাবান নারী কুস্তিগির হিসেবে উল্লেখ করেছেন বেইলি। এমনকি ভবিষ্যতে মিচিন বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গ্রিনভিলে অবস্থিত বন সিকিউর ওয়েলনেস অ্যারেনায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। পরদিন ১০ নভেম্বর মিচিনের সঙ্গে লড়াই নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বেইলি। এক্সে তিনি লেখেন, ‘মিচিনের সঙ্গে ম্যাচের জন্য অনেক দিন অপেক্ষা করেছি। দীর্ঘদিন ধরেই সে আমাদের রোস্টারের অন্যতম প্রতিভাবান নারী কুস্তিগির। প্রতিটি সুযোগের জন্য লড়াই করেছে সে। একদিন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্যও তার রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এখন সে বেশ খারাপ আচরণ করছে।’

মিচিনের দক্ষতা ও পরিশ্রমের প্রশংসা করলেও শেষ বাক্যে কটাক্ষ করতে ছাড়েননি বেইলি। এর মধ্য দিয়ে দুই কুস্তিগিরের চলমান দ্বন্দ্বও নতুন করে আলোচনায় এসেছে। একসময় বেইলি ও মিচিনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে ২ নভেম্বরের র-এর পর্বে পরিস্থিতি বদলে যায়। ওই দিন মিচিন, জেড কারগিল ও বি-ফ্যাব মিলে পর্দার পেছনে এক ঘটনায় বেইলির ওপর হামলা করেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সাবেক বন্ধুর কাছে হারের প্রতিশোধ নিতেই সোমবারের ম্যাচে নেমেছিলেন বেইলি।

ম্যাচের শুরুতে মিচিন বেশ কিছু সময় আধিপত্য ধরে রাখেন। ডান হাতের ঘুসি ও টপ রোপ থেকে ড্রপকিকের মাধ্যমে বেইলিকে চাপে ফেলেন তিনি। এরপর সিট-আউট পাওয়ারবম্বও প্রয়োগ করেন। তবে ঘুরে দাঁড়িয়ে মিচিনকে টপ টার্নবাকলে পাঠান বেইলি। পরে হাফ বোস্টন ক্র্যাব লক করেন তিনি। শেষ দিকে দড়ি থেকে মিচিনকে সরিয়ে টপ রোপ থেকে এলবো ড্রপ দিয়ে পিনফল জয় নিশ্চিত করেন বেইলি।

ম্যাচ শেষ হলেও রিংয়ের উত্তেজনা থামেনি। জেড কারগিল ও বি-ফ্যাব মিলে বেইলির ওপর হামলা চালান। পরে শার্লট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস ও টেটাম প্যাক্সলি এসে তাকে রক্ষা করেন। একপর্যায়ে এই বিরোধে ফ্যাটাল ইনফ্লুয়েন্স ও দ্য ব্যাডিজের সদস্যরাও জড়িয়ে পড়েন। পরিস্থিতি রূপ নেয় বড় ধরনের সংঘর্ষে।

মিচিন বর্তমানে বি-ফ্যাবের সঙ্গে ডব্লিউডব্লিউই নারী ট্যাগ টিম চ্যাম্পিয়ন। গত ২৩ অক্টোবর তারা এই শিরোপা জিতেছিলেন। প্রতিদ্বন্দ্বিতা চললেও মিচিনের কুস্তি দক্ষতার প্রতি বেইলির শ্রদ্ধার বিষয়টি তার মন্তব্যে স্পষ্ট হয়েছে। আগামী ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের ডাইকিন পার্কে অনুষ্ঠিত হবে সারভাইভার সিরিজ: ওয়ারগেমস। ধারণা করা হচ্ছে, বেইলির পক্ষের কুস্তিগিরদের সঙ্গে দ্য ব্যাডিজের বিরোধ থেকে নারীদের ওয়ারগেমস ম্যাচের লড়াই তৈরি হতে পারে। সম্ভাব্য এই ম্যাচে জেড কারগিল, বি-ফ্যাব ও মিচিনের মুখোমুখি হতে পারেন বেইলি, শার্লট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস ও টেটাম প্যাক্সলি। তবে ডব্লিউডব্লিউই এখনো ম্যাচটি কিংবা অংশগ্রহণকারীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

সূত্র: স্যাকনিল্ক

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন