আর্জেন্টিনা ছেড়ে জন্মভূমিকে বেছে নিলেন কিকি রামোস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:৫০ পিএম

জন্ম হাইতিতে, বেড়ে ওঠা আর্জেন্টিনায়। ফুটবলের হাতেখড়িও আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব ভেলেজ সার্সফিল্ডের একাডেমিতে। খেলেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়েও। তবে বিশ্বকাপের আগে নিজের শেকড়ের টানে বড় সিদ্ধান্ত নিয়েছেন তরুণ ফুটবলার স্টিফেন রামোস। আর্জেন্টিনার পরিবর্তে এবার নিজ জন্মভূমি হাইতির হয়ে মাঠে নামবেন তিনি। খবর টিওয়াইসি স্পোর্টসের। 

স্টিফেন অস্কার রামোস, যিনি ফুটবল অঙ্গনে ‘কিকি’ নামেই পরিচিত, ২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে জন্মগ্রহণ করেন। শৈশবেই একটি আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেয়। এরপর আর্জেন্টিনায় বেড়ে ওঠা এবং সেখানেই ফুটবলার হিসেবে নিজেকে গড়ে তোলা। বর্তমানে ভেলেজ সার্সফিল্ডের বয়সভিত্তিক দলে খেলছেন এই তরুণ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিকি রামোসকে দলে স্বাগত জানিয়ে হাইতি ফুটবল ফেডারেশন (এফএফএইচ) জানায়, ‘স্টিফেন অস্কার রামোস, ডাকনাম কিকি। ২০০৯ সালের ৩ এপ্রিল পোর্ট-অব-প্রিন্সে জন্ম নেয়া ভেলেজ সার্সফিল্ডের এই তরুণ ফুটবলার হাইতিকে বেছে নিয়েছে। ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের সঙ্গে যোগ দেবে সে।’

ফেডারেশন আরও জানায়, কিকিকে ‘গ্রেনাডিয়ার’ পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। পাশাপাশি তার এ সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার জন্য খেলোয়াড়টির এজেন্ট ও ভেলেজ সার্সফিল্ডকেও ধন্যবাদ জানায় তারা।

আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচ খেললেও এবার নিজের জন্মভূমির প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন কিকি। কাতারে ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতির হয়ে খেলার কথা রয়েছে তার। টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে হাইতির প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে।

তবে হাইতির হয়ে এই বিশ্বকাপে খেললেও ভবিষ্যতে জাতীয় দল পরিবর্তনের সুযোগ পুরোপুরি হারাচ্ছেন না কিকি। ফিফা বা মহাদেশীয় ফুটবল সংস্থার আয়োজিত সিনিয়র পর্যায়ের প্রতিযোগিতায় নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত অন্য জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা ধরে রাখতে পারবেন তিনি।

হাইতির ফুটবল অঙ্গনে বেশ কিছুদিন ধরেই সম্ভাবনাময় তরুণ হিসেবে আলোচনায় রয়েছেন স্টিফেন রামোস। মাত্র ছয় বছর বয়সে প্রতিবেশীর উৎসাহে ভেলেজ সার্সফিল্ডের একাডেমিতে ট্রায়াল দিতে যান তিনি। পাড়ার ফুটবলে তার দক্ষতা দেখে ওই প্রতিবেশীই তাকে ক্লাবটিতে যোগ দেয়ার পরামর্শ দিয়েছিলেন।

সেখান থেকেই শুরু হয় তার ফুটবলযাত্রা। ছোটবেলায় বারবার ‘কিকি’ শব্দটি বলতেন বলে এই ডাকনাম পেয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে নামটি তার পরিচয়ের অংশ হয়ে ওঠে। খেলোয়াড় হিসেবে তার গতিময় আক্রমণাত্মক ফুটবল অনেকটা কিলিয়ান এমবাপ্পের কথা মনে করিয়ে দিলেও খেলার ধরন ও ড্রিবলিংয়ের কারণে তাকে অনেক সময় ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গেও তুলনা করা হয়।

গতি, শক্তি, বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণভাগে কার্যকর ভূমিকা রাখার দক্ষতা তাকে ভেলেজের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে পরিচিত করেছে। এরই মধ্যে ক্লাবটির হয়ে প্রথম পেশাদার চুক্তিতেও স্বাক্ষর করেছেন তিনি।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের কোচ দিয়েগো প্লাসেন্তের অধীনে বিভিন্ন অনুশীলন ক্যাম্পে অংশ নেয়ার সুযোগ পেলেও সাম্প্রতিক দল ঘোষণায় জায়গা হয়নি কিকির। শেষ পর্যন্ত হাইতির হয়ে খেলার সিদ্ধান্তই চূড়ান্ত করেছেন তিনি।

অন্যদিকে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মোজাম্বিক ও ডেনমার্ক।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন