শ্রীমঙ্গলে দা দিয়ে হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। হামলাকারী তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কোপ দিয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। তবে আত্মরক্ষার চেষ্টা করে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত এই মুখ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দ্য ডেইলি ওয়াদাকে দেওয়া সাক্ষাৎকারে হাসিব আল ইসলাম অভিযোগ করেন, হামলাকারী আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সমর্থক এবং দলটির কর্মীরা আওয়ামী লীগকে ধর্মের মতো মনে করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
হাসিব বলেন, ‘আওয়ামী লীগ তাদের কাছে একটা ধর্ম হয়ে গেছে। এই ধর্মের নামে মানুষ খুন করাকেও তারা জায়েজ মনে করে। তাদের কর্মকাণ্ডের ধরন স্পষ্টতই জঙ্গিবাদকে উসকে দেওয়ার মতো।’
মুঠোফোনে দ্য ডেইলি ওয়াদাকে হাসিব জানান, তিনি বর্তমানে কুমিল্লায় চিকিৎসাধীন। দা দিয়ে হামলায় তার বাঁ পায়ে আঘাত লেগেছে এবং সেখানে তিনটি সেলাই দিতে হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, হামলাকারী হঠাৎ জঙ্গি কায়দায় দা দিয়ে তাকে কোপাতে শুরু করে। একপর্যায়ে তার মাথা লক্ষ্য করেও কোপ দেওয়া হয়। তবে তিনি আত্মরক্ষার চেষ্টা করায় রক্ষা পান।
হাসিব আরও জানান, হামলার সময় তার সঙ্গে থাকা স্ত্রীও এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
তিনি বলেন, ‘যে ব্যক্তি আমার ওপর হামলা করেছে, সে আমার পরিচিত কেউ নয়, এমনকি আগে কখনো দেখেছিও বলে মনে পড়ে না। আমি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, শুধু এ কারণেই সে আমার ওপর হামলা করেছে এবং মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেছে।’
জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবের অভিযোগ, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়ায় সারা দেশে গোপনে হামলার ঘটনা বেড়েছে।
‘পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে’
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ করেন ছাত্রশক্তির এই নেতা।
তার দাবি, সারা দেশে আওয়ামী লীগের সদস্যদের জঙ্গি কায়দায় হামলার প্রবণতা বেড়ে যাওয়ার কারণ হলো পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া।
গোয়েন্দা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করছে না উল্লেখ করে হাসিব অভিযোগ করেন, ‘দেশি-বিদেশি এজেন্সি মিলে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট কিলিং করার ষড়যন্ত্র করছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ আশা করেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নির্বাচনের পর পরিস্থিতি ভালো হবে, এমন কথাও বলা হচ্ছিল। কিন্তু বাস্তবে নির্বাচনের পর ছিনতাই, ধর্ষণ ও হত্যার ঘটনা বাড়ছে।’
পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হাসিব
মঙ্গলবার বেলা ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হাসিব আল ইসলামের সঙ্গে তার স্ত্রীও ছিলেন।
দ্য ডেইলি ওয়াদাকে হাসিব জানান, আকস্মিক এ হামলায় তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতা হওয়ায় তার পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
হাসিব বলেন, ‘শুধু আমার নিজের নিরাপত্তা নয়, আমার পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে না। এভাবে হঠাৎ গোপনে জঙ্গি কায়দায় হামলার ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই যে কেউ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। শুধু আমার স্ত্রী নন, এই ঘটনায় আমার পুরো পরিবার মানসিকভাবে বিপর্যস্ত।’
তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়ায় আওয়ামী লীগের সহিংসতা বাড়ছে। তারা জঙ্গিবাদকে উসকে দিচ্ছে। আমি যদি স্ত্রীকে নিয়ে বাইরে বের হতেও না পারি, তাহলে আমরা কী পরিবর্তনের জন্য লড়াই করেছিলাম?’
গণমাধ্যমের সংবাদ পরিবেশন নিয়ে হতাশা
হামলায় আহত ছাত্রশক্তির এই নেতা ঘটনার পরপরই গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এ ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে এত বড় হামলার ঘটনা ঘটলেও গণমাধ্যমে হামলার বিষয়টি গুরুত্ব না পেয়ে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে বেশি আলোচনা হয়েছে।
গণমাধ্যম মানবাধিকার সমুন্নত রাখবে, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে অগ্রাধিকার দেবে বলে আশা প্রকাশ করেন হাসিব।
যেভাবে হামলার ঘটনা ঘটে
জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ হাসিব আল ইসলাম মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে দা দিয়ে হামলার শিকার হন। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, হাসিব আল ইসলাম ও তার স্ত্রী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে রিসোর্টের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তিকে হাসিবকে উদ্দেশ করে গালিগালাজ করতে শোনা যায়।
অটোরিকশাটি থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং তাকে উদ্দেশ করে আরও আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়েন।
এ সময় হাসিব অটোরিকশা থেকে নেমে আত্মরক্ষার জন্য দৌড়াতে শুরু করেন। ভিডিওর শেষ দিকে মাটিতে পড়া ছায়া দেখে হামলাকারীর হাতে দা ছিল বলে ধারণা করা যায়।
