হামজার অ্যাসিস্টে শমিতের গোলে এগিয়ে গেল বাংলাদেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৬:১১ এএম

সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে গেছে বাংলাদেশ। অধিনায়ক হামজা চৌধুরীর বাড়ানো বল থেকে অষ্টম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন শমিত সোম। এদিকে ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক উপস্থিতিতে ঢাকার জাতীয় স্টেডিয়ামের কয়েকটি গেট ভেঙে গ্যালারিতে ঢুকে পড়েছেন অনেকে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। শুরুর দিকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করা হলে বক্সের ঠিক সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।

অষ্টম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বলটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলে ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় জালে জড়ান তিনি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে না পারা হামজা ও ফারহান আলী ওয়াহিদ ফিরেছেন শুরুর একাদশে। তাদের জায়গা করে দিতে একাদশের বাইরে রয়েছেন জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ। এ ছাড়া চোটের কারণে খেলছেন না বিশ্বনাথ ঘোষ। তাঁর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম।

ম্যাচ ঘিরে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, জাতীয় স্টেডিয়ামের কয়েকটি গেট ভেঙে অনেক দর্শক গ্যালারিতে ঢুকে পড়েছেন। পশ্চিম গ্যালারি ছাড়া অন্য গ্যালারিগুলো প্রায় পূর্ণ হয়ে যায়। ১৮ হাজার আসনের স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই দর্শকদের ভিড় বাড়তে থাকে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে জয় কিংবা ড্র পেলে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখবে স্বাগতিকেরা। অন্যদিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। এর আগে ১৮ বার মুখোমুখি হয়ে ১১টিতে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার জয় পাঁচটি, বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন