আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

আমাকে যদি এখন বলেন, আপনি ব্যর্থ, আমি রিজাইন দিয়ে দেব ইনশাআল্লাহ, এতে আমার কোনো কষ্ট নাই- বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব নিউমোনিয়া দিবস ২০২৬ উপলক্ষ্যে’ A New Era Pneumonia Control- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাকে যদি এখন বলেন যে আপনি ব্যর্থ, আমি রিজাইন দিয়ে দেব ইনশাআল্লাহ, এতে আমার কোনো কষ্ট নাই। আমি হাম ও উপসর্গে এখনো মৃত্যুর হাত থেকে আমাদের শিশুদের বাঁচাতে পারিনি। ব্যর্থতা তো আগের সরকারের, অন্যকে ব্লেম দিয়ে আমার তো লাভ নেই। আমাকে তো মানুষ বাঁচাতে হবে, এখন তো আমি দায়িত্বে আছি। আমি নিজে দায়িত্ব নিয়েই বলছি, আমি স্বাস্থ্যমন্ত্রী হয়েও এখনো মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাতে পারছি না। কেন পারছি না, আপনারা দয়া করে তা বের করেন এবং আমাকে বলেন।’

তিনি বলেন, ‘আপনাদের যেভাবে সম্মান দিয়ে নিয়ে বসেছি এবং বিভিন্ন দেশের যে উদাহরণগুলো আপনারা দিয়েছেন-তারা যেভাবে করেছে, যা যা বলেছেন, তা করা আমাদের জন্য অসম্ভব কিছু নয়। আমাদের নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন। আমরা অল্প টাকা দিয়ে এখন অনেক বেশি কাজ করতে পারছি। আমাদের যে কিছু আর্থিক সম্পদ আছে, তা দিয়ে চাহিদা মেটাতে পারব। আপনারা দয়া করে মতামত ও পরামর্শ দিন, আমি আপনাদের সাজেশন চাই। আজকে শুধু সেমিনার করে চলে গেলে আমাদের কোনো লাভ হবে না; জাতিকে বাঁচাতে হলে একটি প্রাণকে বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানতে চাচ্ছেন, আমি সূরার একটি আয়াতের কথা আপনাদের বলেছি- একটি প্রাণ রক্ষা করা মানে সমগ্র মানবজাতিকে রক্ষা করা। আল্লাহ যে মহৎ কথাটি বলেছেন, এই আয়াতকে সামনে রেখে চলুন আমরা এই মুহূর্ত থেকে মানুষ বাঁচানোর জন্য নিজেদের প্রস্তুত করি। মানুষকে বাঁচাতে হলে আমাদের দেশের ডাক্তারদের প্রতি শ্রদ্ধা ও আস্থা রাখতে হবে। আমি খুব গর্বের সাথে বলি এবং যা বলি তা বিশ্বাস থেকেই বলি। আমার চেয়ে ভালো যদি একজন পারেন, আলহামদুলিল্লাহ, তাতে আমার দেশেরই উপকার হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আলাদা বসে আমাকে একটি গাইডলাইন দেন। কোনো সময় সচিবালয়ে বসব বা প্রয়োজন হলে আপনাদের এখানে এসে বসে কীভাবে আগানো যায় সেই ব্যবস্থা করব।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর