‘নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ ফ্যাসিবাদী অপশক্তির আস্ফালন’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব বলেন।

তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলা ও বাড়ির একটি বড় অংশ জ্বালিয়ে-পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপরতা নয়। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং ফ্যাসিবাদী অপশক্তির ঔদ্ধত্যপূর্ণ আস্ফালনের প্রমাণ। সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেও যদি প্রশাসন ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এ প্রশ্ন আজ স্বাভাবিকভাবেই সামনে এসেছে।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও ফ্যাসিবাদী মানসিকতা, সন্ত্রাসী নেটওয়ার্ক ও আধিপত্যবাদী অপশক্তিকে নির্মূল করার ক্ষেত্রে সরকারের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের অভাব উদ্বেগজনক। বরং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ ও অনৈক্যের সুযোগে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে। সরকার ফ্যাসিবাদী অপশক্তিকে কার্যকরভাবে মোকাবিলা করতে ব্যর্থ হলে এবং রাজনৈতিক পরিসরে তাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হতে দিলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না।

তিনি বলেন, এ হামলার পেছনে বিগত ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করে দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখতে হবে; কোনো রাজনৈতিক সমীকরণ, ক্ষমতার হিসাব কিংবা কৌশলগত সুবিধার কারণে ফ্যাসিবাদী অপশক্তির প্রতি ন্যূনতম নমনীয়তা প্রদর্শনের সুযোগ নেই।

তিনি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ও নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সংসদ সদস্যসহ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন