বাংলা নিউজকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে কালবেলা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ টুর্নামেন্টে দাপট অব্যাহত রেখেছে দৈনিক কালবেলা। নিজদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলা নিউজকেও রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। শেখ হারুন আর এনায়েত শাওনের ঝড়ো ব্যাটিংয়ের নৈপুণ্যে ৪৯ রানে বাংলা নিউজকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আসরের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টিম কালবেলা।

পল্টন আউটার স্টেডিয়ামে আজ শুক্রবার টস জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কালবেলার অধিনায়ক শেখ হারুন। বাংলা নিউজের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন এনায়েত শাওন এবং শেখ হারুন। ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের বোলারদের দিশেহারা বানিয়ে শুরু থেকেই ঝড় তুলেন দুই উদ্বোধনী ব্যাটার। অসাধারণ ব্যাটিং নৈপূন্যে চার-ছক্কার মালা গেথে ১২২ রানের বিশাল স্কোর গড়েন হারুন-শাওন জুটি। 

৫ চার এবং ৪ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন শাওন। অন্যদিকে, ৯ ছক্কা এবং ১ চারে প্রতিপক্ষের বোলারদের লন্ডভন্ড করে ৫৯ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন কালবেলার অধিনায়ক হারুন।

জবাবে ১২৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবধানী সূচনা করে বাংলা নিউজ। কিন্তু কালবেলার বোলিং তোপে শেষ পর্যন্ত মাত্র মাত্র ৭৩ রানেই থেমে যায় বাংলা নিউজের ইনিংস। ফলে ৪৯ রানে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায়ঘণ্টা বেজে যায় বাংলা নিউজের। বাংলা নিউজের হয়ে ৪টি চার ও ৫ ছক্কায় ৪৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন ইফতি। অন্যদিকে, ৯ রান আসে তানভীরের ব্যাট থেকে। 

এদিন কালবেলার বোলিং আক্রমণের সূচনাটা করেন গোলাম মোস্তফা। এরপর দুর্দান্ত বোলিং করে খুব অল্প রানেই প্রতিপক্ষ দলকে থামানোর গুরু দায়িত্বটা পালন করেন শেখ হারুন, এনায়েত শাওন এবং রেজাউল রেজা।বাংলা নিউজের বিপক্ষে আজ ফিল্ডিংয়ে আলাদাভাবে নজর কেড়েছেন মাহমুদুল হাসান এবং ফারুক আলম। তবে ব্যাটে-বলে চোখধাঁধানো ইনিংস খেলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কালবেলার দলনেতা শেখ হারুন।

চীফ রিপোর্টার ইউসুফ আরেফিনের অনুপস্থিতিতে এদিন কালবেলার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন চীফ ক্রাইম রিপোর্টার আতাউর রহমান। পুরো সময়ই দলকে দারুণভাবে মোটিভেট করেন তিনি। এছাড়া, গ্যালরিতে থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছেন হুমায়ুন কবির, শফিকুল ইসলাম স্বপ্ন এবং রাসিব মোস্তফা। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন