শামি ও স্যাম কারানকে নিয়ে রাজস্থান ও লখনউয়ের আলোচনা শুরু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

মোহাম্মদ শামি ও স্যাম কারানকে কেন্দ্র করে একটি বড়সড় খেলোয়াড় বদলের চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস। এর আগে গত ৬ নভেম্বর ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, দুই ফ্র্যাঞ্চাইজি একাধিক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে একটি ট্রেড নিয়ে আলোচনা করছে।

যদিও এই চুক্তির চূড়ান্ত কাগজপত্রের কাজ এখনো সম্পন্ন হয়নি, তবে যেসব খেলোয়াড়কে এই প্রক্রিয়ায় রাখা হয়েছে, তাদের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক কথা সেরে রাখা হয়েছে। যদি শেষ পর্যন্ত এই চুক্তি চূড়ান্ত হয়, তবে এটি যে স্রেফ এক থেকে এক খেলোয়াড়ের অদলবদল হবে না, তা অনেকটাই নিশ্চিত।

জানা গেছে, লখনউয়ে থাকা বাঁ-হাতি স্পিনার মনিমরান সিদ্ধার্থও এই প্রস্তাবিত চুক্তির অংশ হতে পারেন এবং তিনি রাজস্থানে যোগ দিতে পারেন। ৭৫ লাখ রুপিতে দলভুক্ত হওয়া ২৮ বছর বয়সী এই তামিলনাড়ু ক্রিকেটার এখন পর্যন্ত ৯টি আইপিএল ম্যাচ খেলেছেন, যার সবগুলোই লখনউয়ের জার্সিতে এবং তার শিকার ৯ উইকেট। এর মধ্যে রয়েছে ২০২৪ সালে বিরাট কোহলির মূল্যবান উইকেটটি শিকারের কীর্তিও।

উল্লেখ্য, গত মৌসুমের আগেই দল বদলেছিলেন শামি ও কারান। এর আগে চেন্নাই সুপার কিংস থেকে স্যাম কারান যোগ দিয়েছিলেন রাজস্থান রয়্যালসে। যে চুক্তির আওতায় রবীন্দ্র জাদেজা রয়্যালসে যোগ দিয়েছিলেন এবং সানজু স্যামসন চলে গিয়েছিলেন সিএসকেতে।

তবে চোটের কারণ দেখিয়ে গত মৌসুমের আইপিএলে মাঠে নামা হয়নি কারানের। পরবর্তীতে কাউন্টি ক্রিকেটে তার মাঠে নামা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজস্থানের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা। ফ্র্যাঞ্চাইজির হয়ে না খেলে কাউন্টিতে খেলার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

এর আগে ২ কোটি ৪০ লাখ রুপিতে কারানকে দলে ভিড়িয়েছিল সিএসকে, পরে একই মূল্যে তাকে রাজস্থানে বিক্রি করা হয়। জানা গেছে, আসন্ন এই প্রস্তাবিত দলবদলে নিজের পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছেন এই অলরাউন্ডার, যা হয়তো বর্তমানে আলোচনা কিছুটা দীর্ঘায়িত হওয়ার অন্যতম একটি কারণ। টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ছন্দে থাকা কারানের সঙ্গে লখনউয়ের ডিরেক্টর অব ক্রিকেট টম মুডির বেশ ভালো সম্পর্ক রয়েছে। এর আগে ওভাল ইনভিনসিবলস এবং ডেজার্ট ভাইপার্সে মুডির কোচিংয়েই খেলেছেন এই ইংলিশ অলরাউন্ডার।

এদিকে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে তারকা ওপেনার যশস্বী জয়সওয়ালকে নিয়েও একটি সম্ভাব্য বিক্রি নিয়ে আলোচনা হয়েছে। তবে ক্রিকবাজের তথ্য অনুযায়ী, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, রয়্যালস দল ভারতেরই অন্য এক পেসারকে দলে চেয়েছিল, কিন্তু লখনউ সেই প্রস্তাবে রাজি হয়নি। তবে জয়সওয়ালকে ট্রেড করার সিদ্ধান্ত নিলে রাজস্থানের হাতে বিকল্প আরও খোলা রয়েছে, কারণ একাধিক ফ্র্যাঞ্চাইজি এই ভারতীয় ওপেনারকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র: ক্রিকবাজ

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন