বাংলাদেশের ‘নতুন তারকা’ ফারহানের রিলিজ ক্লজ কত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

বাংলাদেশের জার্সিতে তিন ম্যাচে তিন গোল করে আলোচনার তুঙ্গে এখন তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। অল্প সময়েই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। পাশাপাশি ইংল্যান্ডের ফুটবলে নিজের অবস্থান শক্ত করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন এই উইঙ্গার।

বর্তমানের ইংলিশ ক্লাব ফুলহ্যামের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও অভিজ্ঞতা অর্জনের জন্য ধারে খেলছেন বোরহ্যাম উডে। ফারহানকে নিয়ে আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে তার বাজারমূল্য, ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ এবং রিলিজ ক্লজ নিয়েও কৌতূহল তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। তবে তাকে দলে নিতে আগ্রহী অন্য কোনো ক্লাবকে ঠিক কত অর্থ খরচ করতে হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফুলহ্যামের সঙ্গে চুক্তিতে কোনো রিলিজ ক্লজ বা বাই-আউট অঙ্ক প্রকাশ করা হয়নি।

ফুলহ্যামের সঙ্গে ফারহানের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২৫ সালে ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি। পরবর্তী সময়ে ২০২৬ সালের জুনে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ায় ফুলহাম। ফলে ধারে অন্য ক্লাবে খেললেও তার মূল চুক্তি এখনো ফুলহ্যামের সঙ্গেই রয়েছে।

ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, ফারহানের বর্তমান বাজারমূল্য ৫০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ লাখ টাকা। ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর তার বাজারমূল্য সর্বশেষ হালনাগাদ করে এই অঙ্ক নির্ধারণ করা হয়।

ফারহানের ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমিতে। ২০১৯ সালে তিনি যোগ দেন ফুলহ্যামের বয়সভিত্তিক দলে। অনূর্ধ্ব-১২ পর্যায় থেকে ধাপে ধাপে ক্লাবটির একাডেমিতে এগিয়ে যান এই তরুণ। দীর্ঘপথ পেরিয়ে ২০২৫ সালে পান প্রথম পেশাদার চুক্তি।

২০২৫-২৬ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে দারুণ পারফরম্যান্স করেন ফারহান। প্রিমিয়ার লিগ-২-এ ছয়টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও নয়টি গোল। তার এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রতিযোগিতার মৌসুমসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান তিনি। এর আগে ২০২৫ সালের নভেম্বরে জিতেছিলেন মাসসেরার পুরস্কার। ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের বর্ষসেরার স্বীকৃতিও পেয়েছেন তিনি।

সিনিয়র পর্যায়ে খেলার অভিজ্ঞতা বাড়াতে ২০২৬ সালের আগস্টে ফারহানকে ধারে পাঠায় ফুলহাম। তার নতুন ঠিকানা ন্যাশনাল লিগের ক্লাব বোরহ্যাম উড। ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটিতে থাকার কথা রয়েছে তার। সেখানে ২০ নম্বর জার্সি পরে মাঠে নামছেন এই বাংলাদেশি ফুটবলার।

বাংলাদেশে জন্ম না হলেও ইংল্যান্ডে বেড়ে ওঠা ফারহান ২০২৬ সালে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে। এরই মধ্যে ভক্তদের অনেকে তাকে ‘বাংলাদেশের মেসি’ বলে ডাকতে শুরু করেছেন।

এখন ফারহানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিনিয়র ফুটবলে নিজের সামর্থ্য প্রমাণ করা। ফুলহ্যামের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। বোরহ্যাম উডের হয়ে ভালো পারফরম্যান্স ধরে রাখতে পারলে ভবিষ্যতে ইংল্যান্ডের আরও বড় ক্লাবে সুযোগ পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন