চলাচল করতে পারছেন না, তবুও দলের সঙ্গে থাকবেন সাদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সদস্য সাদ উদ্দিন। তা এতটাই গুরুতর যে সাফ তো বটেই, আবার কবে তিনি ফুটবলে ফিরতে পারবেন সেটা নিয়ে ঘোরতর অনিশ্চয়তা।

জাতীয় দলে বড় ইনজুরিতে পড়লে ফুটবলাররা সাধারণত ক্যাম্প ছাড়েন। সাদের এখন স্বাভাবিক চলাফেরা করাই কষ্টকর। কিন্তু তিনি সাফজুড়ে দলের সঙ্গেই থাকবেন। 

বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন,‌ সাদের আবার ১৫ দিন পর আরেকটি পরীক্ষা করানো হবে। এরপর ডাক্তাররা সিদ্ধান্ত জানাবেন। সাফ পর্যন্ত তিনি সবার সঙ্গেই থাকবেন।

বিশ্বনাথ ঘোষও ইনজুরিতে পড়েছিলেন প্রথম ম্যাচের পর। শ্রীলঙ্কা ম্যাচে তিনি ২৩ জনের স্কোয়াডে ছিলেন না। আগামীকাল পাকিস্তান ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হবে বলে জানান ম্যানেজার। অনেক টুর্নামেন্টে ইনজুরিতে পড়লে খেলোয়াড় বদলের সুযোগ থাকে। সাফে সেই সুযোগ নেই বললেন আমিরুল। স্কোয়াড মূলত ২৮ জনের। প্রতি খেলার আগে ২৩ জনের নাম দেওয়া যায়। আগের ম্যাচে যেমন বিশ্বনাথের নাম ছিল না, কালকের ম্যাচে সাদের নাম থাকবে না।

শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলী ওয়াহিদ দুর্দান্ত গোল করেছেন। সাম্প্রতিক সময়ে তো বটেই, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অন্যতম সেরা গোল বলছেন অনেকেই। এমন গোলের পর গোলদাতা ফারহানের জন্য বিশেষ কোনো ব্যবস্থা ফেডারেশন রেখেছিল কি না, এই প্রশ্নের জবাবে ম্যানেজার বলেন,‌ ফারহানের জন্য আমরা সব কিছুই করেছি। সব রকমের সুযোগ সুবিধা দিচ্ছি। আমরা এখনও সেভাবে কোনো কিছু উদযাপন করিনি। শুধু ট্রফির জন্য অপেক্ষা করছি।

আগামীকাল শনিবার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল মাঠে নামবে বাংলাদেশ। পল্টন জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টা ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন