যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দায়িত্ব ছাড়তে আবেগ ধরে রাখতে পারেননি কোচ মউরিসিও পচেত্তিনো। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হওয়ার প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া তার পক্ষে অসম্ভব ছিল।
মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হয়ে ম্যান ইউনাইটেডের দায়িত্ব নিতে চলেছেন পচেত্তিনো। ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন এই আর্জেন্টাইন কোচ। মার্কিন জাতীয় দলের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর ঘোষণা দেওয়ার মাত্র কয়েক মাস পরই এই বড় পরিবর্তনটি এলো।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হাইতির ম্যাচ দুটিতে দায়িত্ব পালনের পর আগামী ১৮ নভেম্বর নিজের নতুন দায়িত্ব শুরু করবেন পচেত্তিনো। হাইতির বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন পচেত্তিনো। সাবেক টটেনহ্যাম ও চেলসি বস বলেন, একদিক থেকে এটি অত্যন্ত দুঃখজনক একটি সিদ্ধান্ত। তবে অন্যদিকে আমরা পেশাদার মানুষ। নিজের স্বপ্নগুলোকে সত্যি করার চেষ্টার ক্ষেত্রে এটিই পরবর্তী ধাপ।
পচেত্তিনো আরও বলেন, আপনারা সবসময় স্বচ্ছ ছিলেন এবং একসঙ্গে কিছু একটা গড়ে তোলার চেষ্টা করেছেন। আপনাদের সবার কাছ থেকে, এই অসাধারণ দেশ এবং আপনাদের মতো চমৎকার মানুষের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এটি আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন একটি সিদ্ধান্ত। আপনাদের অনেক ধন্যবাদ।
পচেত্তিনো সর্বশেষ ইউরোপের কোনো ক্লাবের দায়িত্বে ছিলেন চেলসিতে, যেখানে তার এক মৌসুমের অধ্যায় শেষ হয় ২০২৪ সালে। কেন তিনি মার্কিন জাতীয় দলের দায়িত্ব ছেড়ে প্রিমিয়ার লিগে ফেরার সিদ্ধান্ত নিলেন- এমন প্রশ্নের জবাবে পচেত্তিনো অকপটেই জানান যে, ওল্ড ট্রাফোর্ডের হটসিটে বসার এই সুযোগটি ছিল জীবনে একবারই পাওয়ার মতো।
পচেত্তিনো আরও যোগ করেন, বিষয়টি একদমই স্পষ্ট। তারা (ইউএস সকার ফেডারেশন) জানে যে, ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় মাপের কোনো ক্লাবের দায়িত্ব নেওয়ার সুযোগ খুব একটা আসে না। আর এমন প্রস্তাব সামনে এলে তা ফিরিয়ে দেওয়া সত্যিই কঠিন।
আন্তর্জাতিক বিরতি শেষে ক্যারিংটনে নিজের নতুন অধ্যায় শুরু করবেন পচেত্তিনো। আর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে রোববারের হাইভোল্টেজ ম্যাচটির আগে দলের সঙ্গে কাজ করার জন্য মাত্র তিনটি ট্রেনিং সেশন সময় পাবেন তিনি।
ক্লাব কর্তৃপক্ষ যদি আগে বলত, তবে আরও আগেই দায়িত্ব নিতে প্রস্তুত ছিলেন বলে জানান এই নতুন কোচ। তবে বর্তমান ট্রেনিং ক্যাম্পের বাকি ম্যাচগুলো শেষ করার পেছনের কারণও অকপটে ব্যাখ্যা করেছেন পচেত্তিনো।
পচেত্তিনো বলেন, আমি একজন পেশাদার মানুষ। বিগত দুই বছরে আমাদের মধ্যে যে আবেগঘন সম্পর্ক গড়ে উঠেছে, তার প্রতি সম্মান, প্রতিশ্রুতি, যত্ন এবং ভালোবাসা দেখানোর জন্যই আমি এই ম্যাচগুলো পরিচালনা করছি।
