ব্রাজিল জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে নামতে চান বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা। একই সঙ্গে কোচ কার্লো আনচেলত্তির কাছে নিজের খেলার সময় বা মিনিট সীমিত করার অনুরোধ জানানোর বিষয়টিও তিনি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। তার দাবি, সাম্প্রতিক মন্তব্যের মূল উদ্দেশ্য ছিল কেবল নতুন ইনজুরি এড়ানো।
ব্রাজিল ও জাপানের মধ্যকার প্রীতি ম্যাচের আগের দিন এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন এই ফরোয়ার্ড। গত ৫ নভেম্বর বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের সময় তিনি জাতীয় দলে নিজের খেলার সময় পরিচালনা বা মিনিট ম্যানেজমেন্ট নিয়ে আনচেলত্তির সঙ্গে কথা বলেছেন বলে মন্তব্য করেছিলেন। আর সেই প্রসঙ্গেই এই ব্যাখ্যা দেন তিনি।
রাফিনহা বলেন, আমি প্রতিটি ম্যাচেই এবং যতটা সম্ভব বেশি সময় মাঠে থাকতে চাই। আমি এও বলেছিলাম যে, আমার শরীর যদি সায় দেয়, তবে আমি আমার সেরাটা দেব। জাতীয় দলের প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর থেকেই আমি সবসময় পরিষ্কার করে বলে এসেছি যে আমি এখানে থাকতে চাই। আমার জন্য এটি সবসময়ই এক গৌরব ও পরম সৌভাগ্য।
ডান উরুর পেছনে তিন দফায় ইনজুরির শিকার হওয়ার পর নিজের সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি জানান, আমার তিনটি ইনজুরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই আমি আর চোটে পড়তে চাই না। আমি শুধু জাতীয় দলের জন্যই নয়, বার্সেলোনার হয়েও সবসময় ফিট থাকতে চাই। আমি যা বোঝাতে চেয়েছি তা হলো, আমি যদি শারীরিকভাবে ভালো অবস্থায় থাকি, তবে ব্রাজিলের প্রতিনিধিত্ব করার জন্য সবসময় প্রস্তুত থাকব। বিশ্বকাপ চলাকালীন ইনজুরির হতাশার কথাও স্মরণ করেন তিনি।
ব্রাজিল জাতীয় দলকে ঘিরে চলা সমালোচনা প্রসঙ্গে রাফিনহা বলেন, এটি নিঃসন্দেহে বিশ্বের সেরা জাতীয় দল এবং পুরো একটি দেশের প্রত্যাশার চাপ আমাদের কাঁধে থাকে। যখন কাঙ্ক্ষিত ফল আসে না, তখন আমাদেরই তার দায় নিতে হয়।
কার্লো আনচেলত্তির অধীনে চলমান দল পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে তিনি জানান, জাপানের বিপক্ষে ম্যাচের আগে দলের খেলোয়াড়দের মধ্যে দারুণ উদ্দীপনা রয়েছে। বিশ্বকাপ পর্যায়ের এই কঠিন ম্যাচের জন্য ব্রাজিল দল খুব ভালোভাবে প্রস্তুত বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
