সোমবার পোশাকশ্রমিকদের মজুরির প্রস্তাব দেবে মালিকপক্ষ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩০ এএম

তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। একদিকে নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবের বিপরীতে আগামী সোমবার নিজেদের প্রস্তাব দিতে যাচ্ছে মালিকপক্ষ। অন্যদিকে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও কারখানায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। 

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুই শিল্পাঞ্চলের ২০৪টি কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়া নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা ডেকেছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। বর্তমান পরিস্থিতিতে যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনকাজে অংশ নেবেন না, সেসব কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (কাজ নেই, মজুরি নেই) বন্ধ রাখা এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডের আলোচনায় অংশ না নেওয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত হতে পারে।

বিজিএমইএর কার্যালয়ে গত বুধবার অনুষ্ঠিত এক সভায় শনিবার বিশেষ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, ফজলুল হক, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, রুবানা হক, খন্দকার রফিকুল ইসলাম, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার এবং নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিনসহ অন্যরা।

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরির আলোচনা চলবে, একই সঙ্গে বিশৃঙ্খলাও চলবে, সেটা তো হতে পারে না। বুধবারের সভায় সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির উন্নতি না হলে শনিবার জরুরি সাধারণ সভা হবে। সেখানে ১৩ (১) ধারায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের আলোচনায় আমরা যাব কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার কারণ, আমরা আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নেব, অন্যদিকে বিশৃঙ্খলা চলতে থাকবে, সেটা হবে না।

তাহলে কি আগামী সভায় মজুরি প্রস্তাব দেবে না মালিকপক্ষ- এমন প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি বলেন, আমরা মজুরি প্রস্তাব দেব। তবে আলোচনায় অংশ নেব না। কারণ, আমাদের রাস্তায় ব্যস্ত রাখা হলে আমরা আলোচনায় সুস্থির হব কীভাবে?

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিকদের আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। আগামী সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মজুরি বৃদ্ধির আলোচনা শুরু হওয়ার পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অস্থিরতা পুরোপুরি কাটেনি। প্রতিদিনই বেশ কিছু কারখানা ছুটি দিতে হচ্ছে। মাঝখানে ছুটি দেওয়া কারখানার সংখ্যা কমে এলেও গত তিন দিন ধরে তা আবার বাড়ছে।

বিজিএমইএর তথ্যানুযায়ী, গত রোববার ও সোমবার শিল্পাঞ্চলের পরিস্থিতি ভালো ছিল। তবে মঙ্গলবার থেকে শ্রমিক বিক্ষোভের মুখে কারখানা ছুটির সংখ্যা বাড়তে থাকে। ওই দিন ১৪৬টি কারখানা ছুটি দেয়। বুধবার এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮২টিতে। আর গতকাল বৃহস্পতিবার ছুটি দেওয়া কারখানার সংখ্যা ছিল ২০৪। এর মধ্যে সাভার-আশুলিয়ার ১৩৭টি এবং গাজীপুরের ৬৭টি কারখানা রয়েছে।

মালিকপক্ষ মজুরি আলোচনায় অংশ না নিলে কী হতে পারে; এমন প্রশ্নের জবাবে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, আমরা শ্রমিক ফেডারেশন থেকে কোনো ধরনের শ্রমিক ধর্মঘট ডাকি নাই। আন্দোলন করতেও আমরা শ্রমিকদের বলি নাই। শ্রমিকদের আন্দোলনে অন্য অনেক মহল স্বার্থ হাসিলের চেষ্টা করছে। মালিকপক্ষ আলোচনায় অংশ না নিলে আমরা মজুরি নির্ধারণের বিষয়টি সরকারের ওপর ছেড়ে দেব।

সাভার-আশুলিয়া ও গাজীপুরে অস্থিরতা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।

অন্যদিকে সাভারের আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বের হয়ে আসেন। এ ছাড়া সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি ও পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার বিভিন্ন এলাকার কারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকেরা। তবে জামগড়া এলাকার চার থেকে পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বের হয়ে যান। অধিকাংশ শ্রমিক কারখানা থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেলেও কিছু শ্রমিক ওই এলাকার বিভিন্ন গলিতে অবস্থান নেন। এ সময় তারা কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার নিউএজ ও অরুণিমা গ্রুপের তিনটি করে মোট ছয়টি পোশাক কারখানা গতকাল শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ছাড়া সাভারের হেমায়েতপুরে জিনস ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামের আরেকটি পোশাক কারখানাও বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন