বর্ষসেরার লড়াইয়ে মেসির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ এএম

এমএলএস বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় টানা তৃতীয়বারের মতো জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। একই সঙ্গে এই পুরস্কারের জন্য মনোনীত হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। এমএলএস ঘোষিত পাঁচজনের তালিকায় ১৭ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে স্থান পেয়েছেন মেসি, ন্যাশভিল এসসির হ্যানি মুখতার, এফসি সিনসিনাটির এভান্দার এবং হিউস্টন ডায়নামোর গুইলের্মে।

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক নিয়মিত মৌসুম কাটানোর সুবাদেই শর্টলিস্টে জায়গা পেয়েছেন মেসি। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে এই পুরস্কার জিতেছিলেন তিনি। এবার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তৃতীয়বারের মতো এই খেতাব জয়ের হাতছানি রয়েছে তার সামনে। চলতি মৌসুমে ৩১ ম্যাচে ২৬টি গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেন এই আর্জেন্টাইন তারকা। জিতে নেন গোল্ডেন বুট এবং এমএলএসের সর্বোচ্চ ৪৩টি গোল অবদানের রেকর্ড।

এদিকে মেসির প্রতিদ্বন্দ্বীরাও বেশ শক্ত অবস্থানে রয়েছেন। বিশ্বকাপের বিরতির পর ফিলাডেলফিয়াকে দারুণ ছন্দে ফেরাতে বড় ভূমিকা রাখেন সুলিভান। অন্যদিকে ন্যাশভিলের সাপোর্টার্স শিল্ড জয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন মুখতার। সিনসিনাটির হয়ে এভান্দার করেন মোট ৩১টি গোল অবদান, আর হিউস্টনকে ২০২৫ সালের হতাশা কাটিয়ে প্লে-অফে ফেরাতে সাহায্য করেন গুইলের্মে।

এদিকে এমএলএস কোচ অব দ্য ইয়ার পুরস্কারের ফাইনালিস্ট হয়েছেন ন্যাশভিলের বি. জে. ক্যালিহান, সেন্ট লুইস সিটি এসসির ইয়োয়ান দামের এবং ভ্যাংকুভার হোয়াইটক্যাপসের জেসপার সোরেনসেন।

ন্যাশভিলকে লিগ রেকর্ড ৭৭ পয়েন্ট এনে দিয়েছেন ক্যালিহান। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচ অপরাজিত থাকার ক্লাব রেকর্ড গড়েছেন ইয়োয়ান দামের। আর ভ্যাংকুভারকে ক্লাব রেকর্ড ৬৪ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষে নিয়ে গেছেন সোরেনসেন।

ঘোষিত ক্যাটাগরিগুলোতে মোট ছয়জন ফাইনালিস্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ন্যাশভিল। ডিফেন্ডার অব দ্য ইয়ারের পুরো সংক্ষিপ্ত তালিকাটিই দখল করেছেন এই ক্লাবের অ্যান্ডি নাজার, জেইসন পালাসিওস ও ম্যাক্সওয়েল ওলেদজি। এছাড়া গোলকিপার অব দ্য ইয়ারের লড়াইয়ে রয়েছেন ব্রায়ান শোয়েকে।

সুলিভানের এই দুর্দান্ত মৌসুম তাকে ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ারের তালিকায়ও জায়গা করে দিয়েছে। তার সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন নিউইয়র্ক রেড বুলসের দুই সতীর্থ জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি।

নিয়মিত মৌসুমে নয়টি গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন এই ইউনিয়ন মিডফিল্ডারি। ফিলাডেলফিয়া প্লে-অফ নিশ্চিত করার পথে টিনএজার হিসেবে এমএলএসে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড গড়েন তিনি। জুলিয়ান হল ও আদ্রি মেহমেতিও দারুণ একটি মৌসুম কাটিয়েছেন, যার স্বীকৃতিস্বরূপ এই তিন খেলোয়াড়ই ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর