দেশের ব্যাংকিং খাতের খাতের এক-তৃতীয়াংশ চুরি হয়ে গেছে এবং সংস্কার ও পুনর্গঠনে সরকারকে বছরে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। আগামী পাঁচ থেকে আট বছর এ অর্থের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি।
একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিনিময় হার স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দিয়ে আমদানিকারকদের কাছে তুলনামূলক কম দামে ডলার বিক্রির জন্য ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়েছেন গভর্নর।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দেন তিনি।
গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ‘আসলে চর্বিত চর্বণ করে লাভ নেই। আমরা যখন দায়িত্ব নিই, তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়া অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক সূচকের অবস্থা নেতিবাচক ছিল। এখনো অনেক ক্ষেত্রে সেই অবস্থা রয়েছে। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কিংবা কর্মসংস্থান—সব ক্ষেত্রেই নেতিবাচক পরিস্থিতি বিরাজ করছিল। এখনো কিছুটা রয়েছে।’
ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে তিনি বলেন, ‘এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকিং খাতের সমস্যা। আমরা বলি, এই খাতের এক-তৃতীয়াংশ চুরি হয়ে গেছে। এই কথা বলার পাশাপাশি আমাকে এটাও বলতে হয়, আমরা এমন একটি ব্যবস্থা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছি, যার দায় তাদের বহন করতে হবে।’
ব্যাংক খাতের পুনর্গঠনে সরকারের কাছে অর্থ চাওয়ার প্রসঙ্গে গভর্নর বলেন, ‘আমি সরকারকে অনুরোধ করেছি, ব্যাংকিং খাতের সংস্কার ও পুনঃমূলধনীকরণের জন্য অন্তত বছরে ৬০ হাজার কোটি টাকা রাজস্ব বাজেট থেকে দিতে হবে। কথাটি বলার সময় আমার খুব কষ্ট হয়। কারণ, পরবর্তী প্রজন্ম চাকরি করবে, ব্যবসা করবে, কর দেবে; কিন্তু তারা নিজেদের উপার্জনের সুফল ভোগ করতে পারবে না। তাদের কাছ থেকে নেওয়া অর্থ আমরা আগেই ভোগ করে ফেলেছি। এভাবে হয়তো পাঁচ থেকে আট বছর আমাদের ৬০ হাজার কোটি টাকা করে নিতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
মুদ্রানীতি ও আর্থিক স্থিতিশীলতা প্রসঙ্গে তিনি বলেন, দেশে মূল্যস্ফীতি বেশি থাকায় সুদের হার কমানোর সুযোগ সীমিত ছিল। তবে ইতোমধ্যে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। সামনে আরও কিছুটা কমানোর চেষ্টা করা হবে।
মূল্যস্ফীতির পেছনে বিনিময় হারের প্রভাব তুলে ধরে গভর্নর বলেন, ‘আমি তথ্য বিশ্লেষণ করে দেখেছি, মূল্যস্ফীতির একটি বড় অংশ বিনিময় হার থেকে আসছে। গত কয়েক বছরে আমাদের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে প্রায় ৬০ শতাংশ। অর্থাৎ বছরে গড়ে ৬ শতাংশ। আমরা যেহেতু আমদানিনির্ভর দেশ, এমনকি আমাদের উৎপাদন খাতের কাঁচামাল ও উপকরণের বড় অংশও আমদানি করতে হয়, তাই বিনিময় হারের এই অবমূল্যায়নের প্রভাব শেষ পর্যন্ত মূল্যস্ফীতিতে পড়ে।’
প্রকৃত কার্যকর বিনিময় হার (রিয়েল ইফেকটিভ এক্সচেঞ্জ রেট) হিসাবের ক্ষেত্রে ২০২২-২৩ সালকে ভিত্তিবছর না ধরে ২০১৫-১৬ সাল বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। গভর্নর বলেন, ‘আমাদের অনেকেই ২০২২-২৩ সালকে ভিত্তি বছর ধরছেন। আমি সবাইকে অনুরোধ করব, ২০১৫-১৬ সালকে ভিত্তিবছর ধরলে আমরা প্রকৃত চিত্রটি পাব।’
এ সময় ব্যাংকারদের উদ্দেশে ডলার বিক্রির ক্ষেত্রে মুনাফার হার কমানোর আহ্বান জানান গভর্নর। নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠানটি প্রতিবছর মুনাফা করে। কারণ, তারা খরচের সঙ্গে নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে বিল করে। ফলে লোকসানের সুযোগ থাকে না। কিন্তু খরচ পর্যালোচনা করে সেখানে ৫ শতাংশ অপচয় পাওয়া গেছে। ক্রয়প্রক্রিয়ায় ব্যয় কমানোরও উদ্যোগ ছিল না।
তিনি বলেন, ‘আমরা এসব বিষয় নিয়ে কাজ শুরু করার পর দেখছি, এ বছর প্রতিষ্ঠানটির সরকারি গ্রাহকদের খরচ অন্তত ২০ শতাংশ কমে আসবে। কারণ, প্রতিষ্ঠানটি খরচের সঙ্গে নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে বিল করে।’
এই অভিজ্ঞতার আলোকে ব্যাংকারদের উদ্দেশে গভর্নর বলেন, ‘আপনারা যখন একজন আমদানিকারকের জন্য ডলার কেনেন, যে দামেই কেনেন, তার সঙ্গে মুনাফা যোগ করে দেন। আমার অনুরোধ থাকবে, এ জায়গায় একটু চেষ্টা করুন। একজন আমদানিকারক যদি ৫০ পয়সাও কম দামে ডলার পান, শেষ পর্যন্ত সেই সুবিধা তার পকেটে থাকে না; পণ্যের দামের মাধ্যমে তা ভোক্তার ওপরই বর্তায়। তাই ব্যাংকার ভাইদের কাছে অনুরোধ, আপনারা চেষ্টা করলে কিছুটা কম দামে ডলার দেওয়া সম্ভব হবে।’
