সাপ্তাহিক ছুটির বিরতির পর আজ আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। গত ১০ নভেম্বর শুরু হওয়া এ অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে সংসদের বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
আজকের অধিবেশনে পোশাকশিল্পের উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাজারের অনিয়ম এবং ভূমিসেবা সহজীকরণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।
সংসদ সচিবালয় প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে তিনটি নোটিশ উত্থাপনের কথা রয়েছে।
নোটিশগুলোর মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিকেল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে আলোচনার দাবি জানিয়েছেন।
মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও বাজারের বিভিন্ন অনিয়ম নিয়ে সংসদে আলোচনা চেয়ে নোটিশ দিয়েছেন।
অন্যদিকে, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের দুর্ভোগ লাঘব, ভূমিসেবা সহজীকরণ এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।
এদিকে কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী, ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য উত্থাপনের বিষয়টিও আজকের কার্যসূচিতে রাখা হয়েছে।
এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুসারে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। পাশাপাশি গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি’ সংক্রান্ত দলিলও সংসদে উপস্থাপনের কথা রয়েছে।
পোশাকশিল্প নিয়ে উঠছে সাধারণ প্রস্তাব
আজকের অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে যাচ্ছে দেশের তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ। কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী, এ খাতের উন্নয়ন, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করা, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে একটি সাধারণ প্রস্তাব উত্থাপনের জন্য কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবটি উত্থাপন করবেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান। এতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উন্নয়ন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
