জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হারে তোপের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। জাপানের কাছে হারের পর তাকে পদত্যাগ করে ক্লাবে ফিরে যেতে বললেন দেশটির ফুটবল কিংবদন্তি রোমারিও।
তিনি আনচেলত্তিকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে প্রশংসা করলেও স্পষ্ট জানিয়ে দিলেন, তার এই দক্ষতা কেবল ক্লাব ফুটবলেই সীমাবদ্ধ। ব্রাজিল জাতীয় দলের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তীব্র ক্ষোভ প্রকাশ করে ১৯৯৪ বিশ্বকাপজয়ী তারকা রোমারিও নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, আনচেলত্তি, ‘এবার যথেষ্ট হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বিদায় হন।’
তিনি বলেন ‘কেউ আপনার গল্প আলোচনা করছে না। আপনি বিশ্ব ফুটবলে আমার দেখা অন্যতম সেরা কোচ; কিন্তু সেটি ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি। আমরা আর বেশি সময় এটা নিতে পারব না! আপনি কি অনুশীলন চালিয়ে যেতে চান? তাহলে ক্লাবে ফিরে যান, যেখানে খ্যাতি অর্জন করেছেন। কারণ ব্রাজিল দল আর আপনাকে দেখার জন্য অর্থ ব্যয় করে যেতে পারবে না।’
এরপর ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির দাউদের উদ্দেশে রোমারিও বলেন, ‘সিবিএফ সভাপতি সামির দাউদের প্রতি বার্তা– আপনি এখনো তরুণ। ব্রাজিলিয়ান মানুষ এবং আমি বিশ্বাস করি, আপনি আমাদের ফুটবলের কল্যাণ চান। এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখান। মিস্টার প্রেসিডেন্ট, আনচেলত্তিকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন!’
আনচেলত্তির সঙ্গে পরবর্তী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে ব্রাজিলের। তবে আর কোনো বিশ্বকাপে স্বপ্নভঙ্গের হতাশায় পুড়তে চান না রোমারিও, ‘জাতীয় দলের জার্সি নিয়ে ছিনিমিনি খেলা চলে না। আমরা এমনিতেই ভীষণ লজ্জিত; আর কোনো বিশ্বকাপকে এভাবে জলে ভেসে যেতে দেওয়ার ঝুঁকি আমরা নিতে পারি না। বিশ্বকাপ হাতছাড়া হয়ে গেলে তখন আর কেঁদে কোনো লাভ হবে না। এখনই পদক্ষেপ নেওয়ার সময়!’
প্রসঙ্গত, জাপানের কাছে হারের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি ও তারকা ফরোয়ার্ড রাফিনহাকে। শেষ গোলটি করার আগে জাপানের তাকুমি মিনামিনোর বিরুদ্ধে ফাউলের অভিযোগ তোলে ব্রাজিল। বদলি নামা ব্রাজিলের হোয়াও গোমেজকে ফাউল করেছেন মিনামিনো, এই অভিযোগে জানান খেলেরায়াড়রা। কিন্তু রেফারি কর্ণপাত না করায় ছুটে গিয়ে মাঠে ঢুকে পড়েন আনচেলত্তি, বেঞ্চে বসে রাফিনহাও সরব প্রতিক্রিয়া দেখান, ফলে উভয়কেই লাল কার্ড দেখানো হয়।
