নদীভাঙনে বাংলাদেশের কুড়িগ্রামের চরাঞ্চলের একেকজন মানুষকে ২০ বারও বাস্তুচ্যুত হতে হচ্ছে। অথচ আমাদের বলা হচ্ছে ২০৩৫ সালের মধ্যে বিশ্ব আরও বেশি জলবায়ু অর্থায়ন সংগ্রহে সম্মত হয়েছে। কিন্তু আমরাতো প্রতিদিনই দুর্যোগের মুখে রয়েছি। আমাদের জানা প্রয়োজন আসন্ন দুর্যোগের আগে আমাদের কাছে কী পৌঁছাবে? সেটি কি আমাদের আবার পরিশোধ করতে হবে?
বিশ্ব জলবায়ু সম্মেলনের একটি সাইড ইভেন্টের বক্ততায় এই প্রশ্ন তুলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কপ৩১ প্রতিনিধি দলের প্রধান ও জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবরাতন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি।
শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের যুব দিবস উপলক্ষে ‘জলবায়ু অর্থায়নের ২৫ বছর: অগ্রগতি, ঘাটতি ও রূপান্তরমূলক সমাধান’ শীর্ষক এই নীতিগত সংলাপ আয়োজন করে চেঞ্জ ইনিশিয়েটিভ এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ওয়াইপিএসএ)।
কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য নিজ নির্বাচনী এলাকার নদীভাঙনপ্রবণ চরাঞ্চলের পরিবারগুলোর কথা তুলে ধরে বলেন, এসব পরিবারের সদস্যদের “১০, ১২, ১৫, এমনকি ২০ বার” স্থানান্তরিত হতে হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “ভাবুন তো, তাদের বলা হচ্ছে যে ২০৩৫ সালের মধ্যে বিশ্ব আরও বেশি জলবায়ু অর্থায়ন সংগ্রহে সম্মত হয়েছে।”
তাঁর মতে, কপ৩১-এ বাংলাদেশের অবস্থান নির্ধারণে দুটি প্রশ্নকে গুরুত্ব দেওয়া উচিত: “পরবর্তী ঝড়ের আগে আমাদের কাছে কী পৌঁছাবে? সেটি কি আমাদের আবার পরিশোধ করতে হবে?”
তাঁর মূলনীতি হলো, “জলবায়ু পরিবর্তন থেকে নিজেদের রক্ষা করার প্রক্রিয়ায় বাংলাদেশকে আরও দরিদ্র হওয়া চলবে না।”
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নেতা তার বক্তব্যে দলের পক্ষ থেকে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন: অর্থ ছাড়ের সময়সূচিসহ সম্মিলিত অনুদানভিত্তিক একটি প্যাকেজ; সহনশীলতা তৈরির উৎস হিসেবে ঋণ মওকুফ; অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে এমন জ্বালানি রূপান্তর; ‘লিভিং রিভার রেজিলিয়েন্স ডেল্টা ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে প্রকৃতির অধিকার কার্যকর করা; এবং আলোচনার শক্তি হিসেবে জবাবদিহি নিশ্চিত করা।
সংলাপের মূল উপস্থাপনার শুরুতে চেঞ্জ ইনিশিয়েটিভের জুনিয়র রিসার্চ অ্যানালিস্ট নাজিফা আলম তোরসা বলেন, “যেসব দেশ জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছে, তারা নিজেদের জনগণকে সুরক্ষিত রাখার চেষ্টা করার পাশাপাশি ঋণ পরিশোধের দায়ও নিচ্ছে।”
সংলাপের সভাপতিত্ব করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। তিনি বলেন, “অর্থ কোনো সমস্যা নয়; সমস্যা হলো, তারা অনুদান দিতে আগ্রহী নয়। জলবায়ু অর্থায়নের পুরো সমস্যাটাই এখানে।”
তিনি আরও বলেন, “জলবায়ু অর্থায়নের নামে আমরা এখন যা দেখছি, তা হলো পরিকল্পিত ঋণনির্ভরতা।”
তথ্য-উপাত্ত উপস্থাপন করে চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ কো-অর্ডিনেটর মোফাজ্জল হোসাইন আলোচকদের সামনে চারটি প্রশ্ন তুলে ধরেন: বর্তমান অর্থায়ন পদ্ধতি কি ইতোমধ্যে অতিক্রম করা গ্রহীয় সীমাগুলো পুনরুদ্ধার করতে পারবে? জীববৈচিত্র্য পুনরুদ্ধার ছাড়া জলবায়ু কার্যক্রম কতটুকু অর্জন করতে পারবে? ঋণমুক্ত অর্থায়নের পথ ছাড়া ৩০০ বিলিয়ন ডলার কী অর্জন করবে? আর জলবায়ুকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে বিবেচনা করা কি পৃথিবীর সামগ্রিক ব্যবস্থাবিষয়ক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
তিনি বলেন, “আমরা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করছি। তা যথেষ্ট নয়, কিন্তু অর্থ সংগ্রহ হচ্ছে। তারপরও আমরা গ্রহীয় সীমাগুলো অতিক্রম করে যাচ্ছি।” তিনি আরও বলেন, “প্রক্রিয়াটিতে বাস্তুতন্ত্র ও প্রকৃতিকে ধ্বংস করতে করতে কোনো কিছুতে বিনিয়োগ অব্যাহত রাখার কোনো যৌক্তিকতা নেই।”
ঋণমুক্ত অর্থায়নের সবচেয়ে বড় উৎসগুলোর মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানি থেকে অর্জিত মুনাফার ওপর কর, যা চেঞ্জ ইনিশিয়েটিভের মধ্যম পরিস্থিতির হিসাবে বছরে প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করতে পারে। পাশাপাশি বিলিয়নিয়ারদের ওপর ন্যূনতম ২ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। জাতীয় প্রতিরক্ষা বাজেট থেকে ১ শতাংশ ‘ক্লাইমেট-সিকিউরিটি কন্ট্রিবিউশন’ হিসেবে নেওয়া হলে ২০২৫ সালের রেকর্ড সামরিক ব্যয়ের ভিত্তিতে বছরে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা সম্ভব।
মি. হোসেন বলেন, “কোনো কিছুই যেন অর্থ পরিশোধের বাইরে না থাকে।” এ প্রসঙ্গে তিনি বিমান পরিবহন, নৌপরিবহন, প্লাস্টিক ও আর্থিক লেনদেনের পাশাপাশি ক্রিপ্টো মাইনিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা সেন্টারের কথাও উল্লেখ করেন।
অর্থায়নের ব্যয়ের ক্ষেত্রেও এর মূল্য দিতে হচ্ছে। ৭৭টি জলবায়ু ঝুঁকিপূর্ণ অর্থনীতির প্রতিনিধিত্বকারী ক্লাইমেট ভালনারেবল ফোরাম ও ভি২০ সচিবালয়ের পশ্চিম ও দক্ষিণ এশিয়াবিষয়ক প্রকল্পপ্রধান মুহাম্মদ হাসিব খান বলেন, ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ১৫ থেকে ১৮ শতাংশ সুদে ঋণ নিতে হয়, যেখানে ধনী অর্থনীতিগুলোকে দিতে হয় ২ থেকে ৩ শতাংশ।
তিনি বলেন, “আমরা এখন যে ব্যবস্থার কথা বলছি, তা ব্যর্থ হয়েছে।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি স্কুল ৪০ বছর ধরে কোনো জনগোষ্ঠীর সেবা দেবে, অথচ সেই স্কুল নির্মাণের ঋণ প্রায়ই তিন বা চার বছরের মধ্যে পরিশোধ করতে হয়।
দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের সুযোগসহ সহজ শর্তে অর্থায়নের লক্ষ্যে ভি২০, ওপেক ফান্ড এবং ১৬টি উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানের সঙ্গে মিলে যে ‘ভালনারেবিলিটি টু ভায়াবিলিটি কমপ্যাক্ট’ উদ্যোগ নিয়েছে, সেটিকে সমর্থন করার আহ্বান জানান তিনি।
জলবায়ু অর্থায়নবিষয়ক বাংলাদেশের প্রধান আলোচক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ বলেন, জলবায়ু অর্থায়নের কোনো সর্বসম্মত সংজ্ঞা এখনো নির্ধারিত হয়নি এবং ইউএনএফসিসিসির তহবিলগুলো পর্যাপ্ত অর্থ পাচ্ছে না।
তিনি বলেন, এ বছর অভিযোজন তহবিল ৪০০ মিলিয়ন মার্কিন ডলার চেয়েছিল, কিন্তু ১৬০টি দেশের জন্য পেয়েছে ৩০০ মিলিয়ন ডলার।
তিনি কয়েকটি স্পষ্ট নীতির ওপর গুরুত্ব দেন: জলবায়ু অর্থায়ন হতে হবে নতুন ও অতিরিক্ত; একই অর্থের দ্বৈত হিসাব করা যাবে না; বাজারভিত্তিক ঋণ দেওয়া যাবে না; এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অগ্রাধিকার দিতে হবে।
স্বল্প নিঃসরণকারী দেশগুলোর ক্ষেত্রে ‘কার্বন ট্যাক্স’ শব্দটি ব্যবহারের বিষয়ে সতর্ক করে তিনি এর পরিবর্তে লক্ষ্যভিত্তিক কর আরোপের পক্ষে মত দেন।
আদিবাসী নেতারা সরাসরি অর্থায়ন পাওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। বাংলাদেশ আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যবিষয়ক নেটওয়ার্কের সচিবালয় মালেয়া ফাউন্ডেশনের মিথুন টপ্পো এমন একটি অনুদানভিত্তিক ব্যবস্থার আহ্বান জানান, যা ‘ফ্রি, প্রাইর অ্যান্ড ইনফর্মড কনসেন্ট’ বা অবাধ, পূর্বানুমতিমূলক ও অবহিত সম্মতির নীতি অনুসরণ করবে এবং জাতীয় অভিযোজন পরিকল্পনায় পার্বত্য চট্টগ্রামের বাইরের আদিবাসী জনগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করবে।
জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক আদিবাসী জনগোষ্ঠীর ফোরামের প্রতিনিধি এবং বলিভিয়ার আয়মারা নারী ওয়ারা রুইজ বলেন, “২৫ বছর একটি পূর্ণ জীবনকাল। আমরা আর অপেক্ষা করতে চাই না।”
ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ক্যানসা) বাংলাদেশের মো. শাহজাহান বলেন, জলবায়ু অর্থায়ন “অবশ্যই সরকারি তহবিল থেকে আসতে হবে এবং তা অনুদান হতে হবে।” তিনি স্থবির হয়ে থাকা প্রতিশ্রুতির বিপরীতে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।
