কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১২ দলীয় জোট।
রোববার (১৫ নভেম্বর) বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জোট নেতারা আওয়ামী লীগের অপতৎপরতা-নৈরাজ্য অব্যাহত থাকলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিনা কারণে বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, বাড়ি-ঘরে হামলা চালিয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট করেছে।
জোট নেতারা বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তারা বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এ উদারতাকে যদি দুর্বলতা মনে করে আওয়ামী ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে, আমরা আর ছাড় দেব না।
১২ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকনের সভাপতিত্বে এবং জোটের সমন্বয়ক ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন- ১২ দলীয় জোটের মুখপাত্র ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান আবুল বাশার, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন।
