ডিএফসির তালিকায় বাংলাদেশ, দুয়ার খুলল যুক্তরাষ্ট্রের সরকারি বিনিয়োগের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১২:১২ AM

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। এর ফলে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং অর্থায়নের অভাবে আটকে থাকা প্রকল্প এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডিএফসি আজ এ ঘোষণা দিয়েছে। এখন থেকে বাংলাদেশের প্রকল্পগুলো সংস্থাটির অর্থায়ন পাওয়ার সুযোগ পাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং এ অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখছে ডিএফসি।

বাংলাদেশের এ যোগ্যতা অর্জনের ফলে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে দেশের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএফসির অর্থায়ন এবং বিনিয়োগঝুঁকি প্রশমনের বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ সম্প্রসারিত হওয়ায় গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের ঘাটতি পূরণ সহজ হবে। পাশাপাশি অর্থায়নের সীমাবদ্ধতার কারণে আটকে থাকা প্রকল্পগুলোও এগিয়ে নেওয়া সম্ভব হবে। এসব বিনিয়োগ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় সেবায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

বিশেষ করে বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী যেসব প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না, সেগুলোর ক্ষেত্রে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে আমরা একদিকে বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারব।’

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড) এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করার ক্ষেত্রে আমাদের প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা আমাদের উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়াবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। ফলে অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে।

এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ, মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বেসরকারি পুঁজি আকৃষ্ট করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে ডিএফসি।