দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ২২ রানে ৩ উইকেট আর ১২১ রানের মধ্যে ৫ উইকেট হারানোয় শঙ্কা জেগেছিল ব্যাটিং ধসের। কিন্তু তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় ও লিটন দাসের অনবদ্য তিনটি ইনিংসে ভর করে বড় সংগ্রহ পেয়েছে লাল সবুজরা।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সোমবার (১৬ নভেম্বর) অলআউট হওয়ার আগে নিজেদের প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করেছে নাজমুল হোসেন শান্তর দল। এই স্টেডিয়ামের অতীত পরিসংখ্যান বলছে, প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কখনো হারেনি কোনো দল। ৭ বার ড্র হয়েছে, ১২ বার জয় এসেছে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করার পর। ফলে বড় কোনো অঘটন না ঘটলে এ ম্যাচে জয়ের আশা রাখতেই পারে টাইগার শিবির।
এর আগে জোহানেসবার্গ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম দিনে ৮৪ ওভার মোকাবিলা করে ৩২৭ করেছিল সফরকারীরা। যদিও শুরুটা ছিল শঙ্কার। দলের খাতায় ২ রান যোগ হতেই বিদায় নেন অভিষিক্ত মাহফিজুল ইসলাম ও মুমিনুল হক। দুজনেই শূন্য রানে বিদায় নেন। হাল ধরেন তানজিদ তামিম। তাকে সঙ্গে দিতে ব্যর্থ হন অধিনায়ক শান্ত। তিনি ২৩ বলে ১২ রান করে বোল্ড হন। চতুর্থ উইকেটে তানজিদ তামিমকে সঙ্গ দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তাওহীদ হৃদয়। দুজনের জুটিতে আসে ৯৯ রান। ১০৮ বলে ১২ চারের মারে ৬৭ রান করে বিদায় নেন তানজিদ।
এরপর ক্রিজে নেমে প্রথম বলেই বোল্ড হন অভিজ্ঞ মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ৫ উইকেট একাই তুলে নেন রাবাদা। এরপর অবশ্য হৃদয়কে সঙ্গ দিয়ে আর কোনো বিপদ ঘটতে দেননি লিটন দাস। দুজন মিলে দিনের বাকি সময়টায় প্রতিরোধ পড়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যান। তাদের জুটিতে আসে ২০৬ রান। ২২৭ বলে ১৪ চার ও ১ ছক্কার বিনিমিয়ে ১৩৭ রান করে দিনের শেষ বলে আউট হন হৃদয়। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মার্কো ইয়ানসেন। প্রথম দিন ৮৯ রানে অপরাজিত থাকা লিটন দাস দ্বিতীয় দিন মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে নামেন। মিরাজ অবশ্য বেশিক্ষণ ক্রিজে টেকেননি। ১৬ বলে ১০ রান করে বিদায় নেন। অনপ্রান্তে থাকা লিটন অবশ্য সেঞ্চুরি তুলে নেন। তিনি বিদায় নেন দলীয় ৩৭০ রানে। এরপর টেলএন্ডারদের কল্যাণে চারশ‘র ঘর স্পর্শ করে বাংলাদেশ। হাসান মাহমুদ ১৬ ও তাসকিন আহমেদ ১৭ রান করেন। প্রোটিয়াদের হয়ে রাবাদা ৫, আর ড্যান প্যাটারসন ৪টি উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদের শিকারে পরিনত হন ওপেনার এইডেন মার্করাম। তিনি ৮ বলে ৪ রান করে ফেরেন। এরপর দলের হাল ধরেন মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা। দ্বিতীয় উইকেটে তারা ২০১ রানের পার্টনারশিপ গড়েন। এই জুটিতেই সেঞ্চুরি পূর্ণ করেন অ্যাকারম্যান। আর সেঞ্চুরির পথে থাকা জুবায়েরকে আউট করে জুটি ভাঙেন মুমিনুল হক সৌরভ। সাজঘরে ফেরার আগে ১২৯ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৮৩ রান করেন জুবায়ের।
এরপর অধিনায়ক টিম্বা বাভুমার সঙ্গে ৬১ রানের জুটি গড়েন অ্যাকারম্যান। এই জুটির বিচ্ছেদ ঘটনা হাসান মাহমুদ। তার বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ১৬৪ বল মোকাবেল করে ২১টি চার আর এক ছক্কার সাহায্যে ১৫৭ রান করে ফেরেন মার্কাস অ্যাকারম্যান। এরপর মাত্র ১১ রানের ব্যবধানে হাসান মাহমুদের তৃতীয় শিকারে পরিনত হন ম্যাথু ব্রিটজক। শেষ বিকেলে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক টিম্বা বাভুমা ও রায়ান রিকেলটন।
