আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফির ম্যাচে জিততে পারল না বাংলাদেশ। ওমানের আজমাইনে আজ বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। আগে ব্যাট করে দিলারা আক্তারের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে স্টিয়ার কালিসের ব্যাটে ১৩০ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে ডাচ মেয়েরা।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই ওপেনার সাথি রাণীর উইকেট হারায় টাইগ্রেসরা। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও শারমিন আক্তার। তবে রানের গতি বাড়াতে পারেননি শারমিন; ২২ বলে করেন ১৯ রান।
অন্য প্রান্তে শুরু থেকেই আস্থার সঙ্গে ব্যাট চালান দিলারা। তৃতীয় উইকেটে উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে গড়েন ৩০ বলে ৩৯ রানের জুটি। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন দিলারা। ১৫তম ওভারে আউট হওয়ার আগে ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় করেন ৫১ রান করেন তিনি।
শেষদিকে স্বর্ণা আক্তারের ১৩ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৯ রানের পুঁজি পায় বাংলাদেশ।
নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে হিদার সিগার্স একাই শিকার করেন ৪ উইকেট।
রান তাড়ায় ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ডাচরা। রাবেয়া খান ও সানজিদা আক্তারের তোপে শুরুটা নড়বড়ে হলেও ডাচদের ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে দেননি স্টিয়ার কালিস। চার নম্বরে নেমে এক প্রান্ত আগলে রেখে দলকে জেতান এই ক্রিকেটার।
ফোবে মলকেনবাওয়ার ও ফ্রেডরিকে ডিজস্কের কিছুটা সঙ্গ পেয়েছেন কালিস। শেষ ওভারে জয়ের জন্য ডাচদের প্রয়োজন ছিল ৭ রানের। এই সমীকরণ মাত্র চার বলেই মিলিয়ে দেন ২৭ বছর বয়সী কালিস। ৫০ বলে ৮ চারে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান তিনি। বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২২ রানে ২ উইকেট নেন।
