কার্যকম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেছেন, গুম-খুন ও রক্তাক্ত পথ ধরে আওয়ামী চক্রকে বাংলাদেশের জনগণ আর ফিরতে দেবে না।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে, এ দেশের মানুষ তা কখনোই সফল হতে দেবে না। আগেও দেয়নি, ভবিষ্যতেও দেবে না।’
আওয়ামী লীগের বিগত শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ‘পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর জুলুম-অত্যাচার করেছে। তারা আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় এসে ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে সুখের স্বর্গ গড়তে চায়। কিন্তু তাদের সেই সুখের স্বর্গ আর কোনো দিন হবে না। যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সারা দেশে তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ আবার ফুঁসে উঠেছে।’
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ফেনী-১ আসনের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এসএম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজসহ অনেকে।
