অবশেষে শাস্তি পেলেন শ্রীলংকার কোচ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ PM

রেফারিং নিয়ে প্রশ্ন তোলা এবং সাফের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় অবশেষে শাস্তি পেলেন শ্রীলংকার প্রধান কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। সাফের ডিসিপ্লিনারি কমিটি তাকে ৫০০ মার্কিন ডলার জরিমানা করার পাশাপাশি সতর্কবার্তাও দিয়েছে। কমিটির অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভুটানের বিপক্ষে ড্রয়ের পর সাফে স্বাগতিক দলগুলো বাড়তি সুবিধা পায় বলে অভিযোগ করেছিলেন কুয়েতি কোচ মুতাইরি। একই সঙ্গে তার দাবি ছিল, বাণিজ্যিক স্বার্থে সাফ ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চায়। এমন হলে অন্য দেশগুলোর টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। এসব বক্তব্যের পর তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় সাফ।

বাংলাদেশের কাছে ৪-০ গোলে হারের পরও সংবাদ সম্মেলনে ম্যাচের পারফরম্যান্সের চেয়ে সাফের পাঠানো চিঠি নিয়েই বেশি কথা বলেন মুতাইরি। সংবাদ সম্মেলনের শেষ দিকে সাফ আরব অঞ্চলের কোচদের প্রতি বিদ্বেষ পোষণ করে বলেও অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে আর সাফে না আসার ঘোষণাও দেন শ্রীলংকার এই কোচ।

গত ১১ নভেম্বর রাতে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রীলংকা। এরপর দেশে ফিরে যায় দলটি। তবে টুর্নামেন্টের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এবার আর্থিক জরিমানা ও সতর্কবার্তা পেলেন তাদের কোচ।

সাফের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে মুতাইরিকে। তিনি অর্থ পরিশোধে ব্যর্থ হলে এর দায় নিতে হবে শ্রীলংকা ফুটবল ফেডারেশনকে। ফেডারেশনও জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে টুর্নামেন্টের ব্যয়ের সঙ্গে তা সমন্বয় করবে সাফ।

ফিফা ও এএফসি সাধারণত তাদের ডিসিপ্লিনারি সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেও মুতাইরির শাস্তির বিষয়ে সাফ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।