সাফ ফাইনাল শেষে ১৯ নভেম্বর হামজা চৌধুরীর ইংল্যান্ড যাওয়ার সময় ঠিক করা ছিল। কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে হেরে যাওয়ায় তার ফেরার সময় এগিয়ে আনা হয়। সোমবার (১৬ নভেম্বর) হামজার ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ মার্চের ফিফা উইন্ডোতে। ২০৩০ বিশ্বকাপ বাছাইয়ের ড্র এশিয়ান অঞ্চলে শুরু হবে ১৫ ডিসেম্বর। এশিয়ান র্যাংকিংয়ে শীর্ষ ২৬ এর বাইরে থাকা দলগুলো আগামী মার্চে হোম অ্যান্ড অ্যাওয়ে প্লে-অফ ম্যাচ খেলার কথা। ফলে হামজা আগামী মার্চে আবার বাংলাদেশে আসতে পারেন।
র্যাংকিংয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি খেলতে পারছে না, প্লে-অফ খেলতে হবে। প্লে-অফে না জিততে পারলে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই খেলতে পারবে না। গত বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে তারা মালদ্বীপকে হারিয়েছিল।
এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের মূল রাউন্ড সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। তাই আগামী বছর জুন উইন্ডোতে সাফ টুর্নামেন্ট আয়োজন করতে চায়। ফেব্রুয়ারি-মার্চের দিকে বিষয়টি চূড়ান্ত হতে পারে।
হামজা আগেভাগে ইংল্যান্ড ফিরলেও সামিত সোম ফিরবেন কয়েকদিন পর। তিনি শ্রীমঙ্গলে পরিবারের সঙ্গে কয়েকদিন সময় কাটাবেন। জায়ান, ফাহমিদুলরাও শিগগির নিজ নিজ গন্তব্যে ফিরবেন। তপু-মোরসালিনরাও ক্লাবে ফিরে যাচ্ছেন। সাদ উদ্দিন উন্নত চিকিৎসার জন্য ভারত যেতে পারেন।
