রাজকীয় সফর হলেও মুম্বাইয়ের অলিগলিতে ঘোরার সময় আড়ম্বরের লেশমাত্র ছিল না। সঙ্গী ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার। ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম এবং রানি কেট মিডলটনকে নিয়ে মুম্বাইয়ের রাস্তায় হাঁটতে দেখা গেল তাকে। শহরের ঐতিহ্যবাহী হ্যামিল্টন স্টুডিওর সামনে তিনজনকে একসঙ্গে দেখা যায়। মুম্বাইয়ের রাস্তার খাবার এবং স্থানীয় সংস্কৃতির স্বাদও নেন। শুধু তাই নয়? একসঙ্গে গলি ক্রিকেট খেলেও নজর কেড়েছেন তারা।
সোমবার তিন দিনের ভারত সফরে মুম্বাইয়ে পা রেখেছেন উইলিয়াম ও কেট। তাদের সঙ্গে শচীনের এই সাক্ষাৎ অন্য মাত্রা পেয়েছে। এমন একটা দিনে তাদের দেখা হল, যে দিনের ১৩ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন লিটল মাস্টার। ২০১৩ সালের ১৬ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০তম টেস্ট ম্যাচ খেলে ২৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন শচীন। বলার অপেক্ষা রাখে না, ক্রিকেটের মাধ্যমে ভারত ও ব্রিটেনের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের ছবিও ফুটে উঠেছে।
মুম্বাইয়ের বলার্ড এস্টেট এলাকায় শচীনের সঙ্গে হাঁটতে দেখা যায় রাজদম্পতিকে। শহরের পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে মুম্বাইয়ের জীবনযাত্রার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন ১০০ সেঞ্চুরির সম্রাট। স্ট্রিট ফুড খেয়ে দেখার পর্বও ছিল। মাটির ভাঁড়ে ‘কাটিং চা’ খেলেন তারা। সেখানে ধরা পড়ে ঘরোয়া মেজাজ। তাছাড়াও মুম্বাইয়ের বিভিন্ন ঐতিহাসিক বাড়িতে ব্রিটেনের যুবরাজ-রানিকে নিয়ে ঘোরার সময় তার ইতিহাস বোঝাতে দেখা যায় শচীন টেন্ডুলকারকে।
সে ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। উইলিয়াম পরেছিলেন সাদা জামা ও জিনস। নেহরু-জ্যাকেটও ছিল। হালকা হলুদ-সবুজ রঙের ব্লেজার পরেছিলেন কেট। শচীনের পরনে ছিল আকাশি জামা এবং নীল জিনস। তাছাড়াও কখনও ব্যাটিংয়ে মজে থাকতে দেখা যায় ব্রিটেনের প্রিন্সকে। আবার কখনও শচীনকে বোলিং করছেন। তবে মুম্বাইয়ে উইলিয়াম-কেটের কর্মসূচি শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নেই। শহরের মেট্রো রেলেও চড়ার কথা তাদের। বলিউডের তারকাদের সঙ্গেও দেখা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তারা। তার পরে যাবেন নয়াদিল্লি। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে ব্রিটেনের রাজদম্পতির।
উইলিয়ামের উদ্যোগে ২০২০ সালে শুরু হয়েছিল আর্থশট পুরস্কার। পরিবেশের সুরক্ষা এবং পৃথিবীর বৃহত্তম সমস্যাগুলোর সমাধানে অভিনব উদ্যোগকে স্বীকৃতি দেওয়াই এই পুরস্কারের লক্ষ্য। এবারের প্রতিযোগিতায় পাঁচটি প্রকল্পকে বেছে নেওয়া হবে। প্রত্যেক বিজয়ী পাবেন ১০ লক্ষ পাউন্ড করে। পুরস্কারের অর্থ দিয়ে নিজেদের উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন তারা। এবারই সবচেয়ে বড় পরিসরে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকার উপস্থিত থাকার কথা। তাদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট। সঙ্গীত পরিবেশন করার কথা ব্রিটিশ পপ ব্যান্ড ‘টেক দ্যাট’-এরও। এত সবের মধ্যেও শচীনের সঙ্গে তাদের দেখা হওয়া বিশেষ গুরুত্ব পেয়েছে।
