লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় হুইপ দুলুর তীব্র নিন্দা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩২ PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর লন্ডনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ৫ আগস্ট যেভাবে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের উৎখাত করেছে, একইভাবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে নিষিদ্ধঘোষিত ও ষড়যন্ত্রকারী শক্তিকে প্রতিহত করতে হবে।

দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সাময়িকভাবে পটকা ফুটিয়ে কিংবা গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে হুইপ দুলু বলেন, আগের সরকারের আমলে টুপি-দাড়িওয়ালা আলেম-ওলামাদের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে। তাদের জঙ্গি আখ্যা দিয়ে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। নাটক-সিনেমায় নেতিবাচকভাবে উপস্থাপন করে হেয় করার চেষ্টা হয়েছে। তবে সব নিপীড়ন উপেক্ষা করে আলেম-ওলামা ও সাধারণ মানুষ রাজপথে ছিলেন। তাঁদের অংশগ্রহণেই ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং দেশে গণতন্ত্র ফিরে আসে।

বর্তমান সরকারের গণতান্ত্রিক চর্চার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণ পাঁচ বছরের জন্য সরকারকে ম্যান্ডেট দিয়েছে। পাঁচ বছর পর আবার নির্বাচন হবে। জনগণ যাদের ভোট দেবে, তারাই ক্ষমতায় আসবে। জোর করে ক্ষমতায় থাকার সংস্কৃতি বাতিল হয়ে গেছে।

নিকাহ্ রেজিস্ট্রার বা কাজীদের সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, শত শত বছর ধরে দেশের সংকটময় সময়ে শাসকেরা কাজীদের পরামর্শ নিয়েছেন। নিকাহ্ রেজিস্ট্রারদের পেশাগত বিভিন্ন দাবি ও কর্মসংস্থানের বিষয় নিয়ে তিনি ইতিমধ্যে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

সমাবেশে উপস্থিত কাজীদের আশ্বস্ত করে তিনি বলেন, বিগত ১৭ বছর আপনারা রাজপথে আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি। প্রয়োজনে কাজীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা করা হবে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে তাঁর দরজা সব সময় খোলা থাকবে।

সংগঠনের সভাপতি প্রিন্সিপাল শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে এবং কো-চেয়ারম্যান কাজী মাওলানা মো. সেলিম রেজার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নিকাহ্ রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।