যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২২ PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান ডিএমপি উপ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।

তবে কোন হত্যা মামলা বা এ মামলার বাদী কে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এর আগে সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গুলশান থানা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।

এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক যোগসূত্রের তথ্যও পাওয়া গেছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের আশঙ্কা রয়েছে। ফলে সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত এবং অবৈধ অর্থ আইনগতভাবে জব্দ করা কঠিন হয়ে পড়তে পারে।

এ ছাড়া এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।