আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ PM

মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আক্রমণের জন্য যারা আহ্বান জানিয়েছেন, তাদের প্রত্যেককে যাচাই-বাছাই করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেছেন, দুষ্কৃতিকারীরা যদি ভাবে তাদের ভিডিও রেকর্ড, ফুটেজ আমাদের কাছে নেই, তারা ভুল করবেন। যারা থানায় হামলা করেছে, গাড়ি জ্বালিয়েছে, নৈরাজ্য সৃষ্টি করেছে; আজ অথবা কাল প্রত্যেকটা দুষ্কৃতিকারীকে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকেন। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, সীমান্তের ওপাড় থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না। 

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আওয়ামী চরিত্র। আওয়ামী চরিত্রের মধ্যে সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই, গণতন্ত্র নেই। তাদের চরিত্রে কেবল আছে স্বৈরাচার, ফ্যাসিবাদী আচরণ। এগুলো তারা করেই যাবে। এগুলো করে যাওয়ার মাধ্যমে তারা প্রমাণ করে যাচ্ছে, যাবে- এই বাংলাদেশের জন্য তারা অপাঙক্তেয়।  

এ সময় যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলা চেষ্টার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার ওপরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসী হামলার চেষ্টা করছে। আমরা সংসদ থেকে এর গভীর নিন্দা জানাই। ওই দেশে যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দূতাবাস এবং সেই দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।