প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার ও ব্যানার লাগানো এবং আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করবে না বিএনপি। গত কয়েক বছর ধরেই এ সিদ্ধান্ত মেনে চলেছেন দলটির নেতাকর্মীরা।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা হবে না। কোনো কর্মসূচি নেই।
১৯৬৫ সালের ২০ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় জন্মগ্রহণ করেন তারেক রহমান। তবে তার শৈশব শুরু হয় এমন একটি পরিবেশে যেখানে সরল জীবনযাপন ছিল তার পরিবারের মূলমন্ত্র। ঢাকা সেনানিবাসের ইংরেজি মাধ্যমের স্কুল শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয়। তারপর ঢাকার সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করেন। পরবর্তীতে কৃতিত্বের সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ১৯৮২ সালে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথমে ভর্তি হন তারেক রহমান। অবশ্য পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে ভর্তি হন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলেন।
নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি, তারেক রহমান ধৈর্যের সঙ্গে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কসসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক চিন্তাবিদদের রাজনৈতিক চিন্তাভাবনার গভীরে প্রবেশ করেছিলেন।
তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯৩ সালে তিনি দলটির বগুড়া জেলার সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগে থেকেই তারেক রহমান রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি তার মা বেগম খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনি প্রচারণায় অংশ নেন। ওই সময়ে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণই তাকে রাজনীতির মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে পরিচিত করে তোলে। দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মা খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনে নির্বাচনি প্রচারণার সমন্বয় করেছিলেন। সেসময় পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিশাল জয় প্রমাণ করে যে তিনি (তারেক রহমান) একজন সূক্ষ্ম সংগঠক হিসেবে ভবিষ্যতে দলের নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে সক্ষম। ২০০১ সালের নির্বাচনেও বেগম খালেদা জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি তিনি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনি প্রচারণা চালান। মূলত ২০০১ সালের নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় প্রবেশ ঘটে।
তারেক রহমান ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সমস্যা, সুশাসন ও জনস্বার্থের বিষয়গুলো নিয়ে গবেষণা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ গ্রহণ করেন। ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেয়ে দল পুনর্গঠন ও তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের মাধ্যমে উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় তার সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করে।
কিন্তু, পরবর্তীতে ২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৭ মার্চ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। কারাবন্দি অবস্থায় তার ওপর অকথ্য শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। ২০০৮ সালের ৯ জানুয়ারি ঢাকার একটি আদালতে তিনি নিজেই রিমান্ডে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিতের আবেদন করেছিলেন। তার আইনজীবীরাও মেরুদণ্ডে গুরুতর আঘাতের অভিযোগ আদালতের সামনে উত্থাপন করেন। অবশেষে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তাকে লন্ডনে যেতে হয়। সেই যাত্রা থেকেই দীর্ঘ ১৭ বছরের নির্বাসনে ছিলেন তারেক রহমান। এই দীর্ঘ সময়ে ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, মা বেগম খালেদা জিয়ার কারাবাস এবং পরিবারের ওপর একের পর এক রাজনৈতিক ও ব্যক্তিগত সংকট তারেক রহমানের জীবনে অসহনীয় বেদনার অধ্যায় তৈরি করে। তবে সংগ্রামী জীবনে নেতৃত্বের দায়িত্ব থেকে বিশ্রাম নেননি তিনি। ২০০৯ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
ভৌগোলিক দূরত্ব কখনোই তার রাজনৈতিক সম্পৃক্ততাকে বিচ্ছিন্ন করতে পারেনি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে তিনি লন্ডন থেকেই দল পরিচালনা করেন। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রতিকূলতা, মামলা, গ্রেপ্তার ও সাংগঠনিক চাপের মধ্যে থাকা একটি বৃহৎ রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রাখা ছিল কঠিন দায়িত্ব। ভার্চুয়াল যোগাযোগ, নিয়মিত সাংগঠনিক নির্দেশনা, রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ এবং নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মধ্য দিয়ে তিনি সেই দায়িত্ব পালন করেন।
তারেক রহমানের রাজনৈতিক চিন্তার আরেকটি উল্লেখযোগ্য প্রকাশ ঘটে ২০২৩ সালের ১২ জুলাই ঘোষিত এক দফা আন্দোলনের মধ্য দিয়ে। এ ছাড়াও সব দলকে সঙ্গে নিয়ে ২০২৩ সালের ১৩ জুলাই তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেন। আন্দোলনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার বিকল্প রূপরেখা উপস্থাপনের প্রচেষ্টা, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অভিযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। সেদিন তিনি তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানসহ বাংলাদেশে ফিরে আসেন, যার মাধ্যমে ২০০৮ সাল থেকে তার প্রবাস জীবনের অবসান ঘটে। এর আগে ২০২৫ সালের ১৩ জুন যুক্তরাজ্য সফররত সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন। বিএনপির পক্ষ থেকে এ বৈঠককে টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করা হয়।
এরপর গত বছর ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর চলতি বছরের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। সর্বশেষ চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ তার রাজনৈতিক জীবনের এক ঐতিহাসিক পরিবর্তন। দীর্ঘদিনের আন্দোলন, সাংগঠনিক নেতৃত্ব ও রাষ্ট্র সংস্কারের প্রস্তাব নিয়ে যে রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, তা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে পৌঁছেছে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিশ্লেষণের ক্ষেত্রও অনেক বিস্তৃত।
