মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত সরকারি বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা এক বা একাধিক কক্ষ ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। ইতোমধ্যে কেউ ভাড়া বা সাবলেট দিয়ে থাকলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়াকে সরিয়ে নিজে বসবাস শুরু করতে হবে। নির্ধারিত সময়ের পরও সরকারি বাসায় ভাড়া বা সাবলেট পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখা থেকে জারি করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি আবাসন পরিদপ্তরের ২৯ অক্টোবরের গণবিজ্ঞপ্তি এবং মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির ৯ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ‘মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা/ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক কর্তৃক তার নামে বরাদ্দকৃত বাসা/ফ্ল্যাটের সম্পূর্ণ বা আংশিক (এক বা একাধিক রুমসহ) কোনোভাবেই সাবলেট/ভাড়া প্রদান করতে পারবেন না। যারা ইতোমধ্যে সাবলেট/ভাড়া প্রদান করেছেন, তাদেরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেট/ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণপূর্বক যথানিয়মে বরাদ্দকৃত বাসায় অবস্থান/বসবাস করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো বাসায় সাবলেট/ভাড়া পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বরাদ্দ বাতিলসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
