ইনিংস হার এড়িয়ে লিড নিল বাংলাদেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ PM

১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একশ পেরোতেই টপ অর্ডারের ৫ ব্যাটার আউট, উড়িয়ে দেওয়া যাচ্ছিল না ইনিংস হারের শঙ্কাও। তবে স্বস্তির খবর হচ্ছে, অবশেষে ইনিংস হার এড়িয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে লিড নিল সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ‍উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬০ রান। এর ফলে ৩ রানের লিড পেয়েছে টাইগাররা।

জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনেই বাংলাদেশের জন্য ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে গিয়েছিল। হয় অসহায় আত্মসমর্পণ নয়তো পঞ্চম দিনটা ব্যাটিং করে কোনো মতে ম্যাচ বাঁচানো। ব্যাটারদের ব্যর্থতায় জয়ের আশা ততক্ষণে অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। পঞ্চম দিনে বাংলাদেশের সামনে এখন ম্যাচ বাঁচানোই হতে পারে বড় সাফল্য। 

দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে ৫ উইকেটে ১০০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ সকালের প্রথম সেশনে আরও এক উইকেট হারিয়ে কোনো মতে লিড পেয়েছে বাংলাদেশ। এরই মধ্যে লিটন দাসের গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান। আর ৩ উইকেট বাকি। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ব্যাট করতে নেমেছেন হাসান মাহমুদ। এরপর ব্যাটিংয়ে নামবেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেনরা। শেষ পর্যন্ত রাবাদাদের সামনে কতক্ষণ প্রতিরোধ করতে পারে টাইগার ব্যাটাররা এটাই এখন দেখার বিষয়। 

রাবাদা একাই যেন বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিচ্ছেন। প্রথম ইনিংসে ফাইফারের পর দ্বিতীয় ইনিংসেও এরই মধ্যে ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া ব্যাট হাতে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি। 

এর আগে নিজেদের প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে রেকর্ড ৪০০ রান করেছিল বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছিল ৫৫৭ রানে। ওপেনার মার্কাস অ্যাকারম্যান ক্যারিয়ারসেরা ১৫৭ রান করেন। এ ছাড়া ১৬৫ বলে ১৩টি বাউন্ডারিতে ১০২ রান করেন রিকেলটন। 

প্রথম ইনিংসে ১৫৭ রানের বড় লিড পাওয়ার পরও দক্ষিণ আফ্রিকার বোলাররা চাপ অব্যাহত রাখেন। প্রথম ইনিংসে চারশ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বেশ বড় বিপদে পড়ে যায়। একশ হওয়ার আগেই পাঁচ উইকেট হারায় তারা। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা।

কাগিসো রাবাদা ও মার্কো জানসেন শুরুতেই আঘাত হানেন। জানসেনের বলে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ৪ রানে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। রাবাদার ধারালো ডেলিভারিতে বোল্ড হন মুমিনুল হক। তার সংগ্রহ ছিল ১ রান। প্রথম ইনিংসেও শূন্য রানে আউট হয়েছিলেন মুমিনুল।

অভিষেক ইনিংসে গোল্ডেন ডাকের শিকার হওয়া ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুক্ষণ পেস আক্রমণ সামাল দেন। তবে বাঁহাতি স্পিনার সাইমন হারমার তাদের জুটি ভেঙে ১১ রানে শান্তকে ফিরিয়ে দেন।

এরপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন মাহফিজুল। কিন্তু দুর্দান্ত এক ডেলিভারিতে ৩২ রানে মাহফিজুলকে আউট করেন হারমার।

পরে শর্ট বল দিয়ে হৃদয়কেও ফেরান রাবাদা। ২৩ রান করেন বাংলাদেশের এই ব্যাটার।