টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ইঁদুর-বিড়াল খেলা চলছে প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ শুরুর আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল কিউইরা। তবে বাংলাদেশকে জোহানেসবার্গ টেস্টে হারিয়ে আবার শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।
৫ম দিনে পাওয়া জোহানেসবার্গ টেস্টের জয়ে পূর্ণ ১২ পয়েন্ট বাগিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৬টি ম্যাচেই জিতেছে প্রোটিয়ারা। হেরেছে দুটি ম্যাচে। নেই কোনো ড্র। পয়েন্টের শতকরা হার ৭৫ শতাংশ। ফলে ১৩ ম্যাচে ৯ জয় ও ৪ হার নিয়ে ৭২.২২ শতাংশ পয়েন্টের অধিকারী নিউজিল্যান্ড নেমে গেছে দ্বিতীয় স্থানে।
১৩ ম্যাচে ৯ জয় ও ৪ পরাজয় নিয়ে অস্ট্রেলিয়া যথারীতি তৃতীয় স্থানে রয়েছে। তাদের পয়েন্টের হার ৬৯.২৩ শতাংশ। ১১ ম্যাচে ৫ জয় ও ৪ পরাজয় নিয়ে ৫১.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে ভারত আছে চতুর্থ স্থানে। এরপরই বাংলাদেশ, জোহানেসবার্গ টেস্ট হারের পরও যারা ৫ নম্বরেই রয়েছে। তবে কমে গেছে পয়েন্টের হার। ৪৫.৮৩ শতাংশ থেকে কমে টাইগারদের পয়েন্ট এখন ৪০.৭৪।
বাংলাদেশ এখনও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের আগে রয়েছে। এমনকি কাগজে-কলমে ফাইনাল খেলার সম্ভাবনাও বেঁচে আছে শান্তর দলের। সেক্ষেত্রে অবশ্য মেলাতে হবে সমীকরণ।
৯ ম্যাচে বাংলাদেশের জয় তিনটি, পরাজয় চারটি। ড্র হয়েছে দুটি ম্যাচ। টাইগারদের সামনে ম্যাচ বাকি আছে আর তিনটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট। আর ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট। অতীতে ফাইনাল খেলার জন্য যে পয়েন্টের প্রয়োজন দেখা গেছে, সে অনুযায়ী বাংলাদেশকে ফাইনালে খেলার মতো পয়েন্ট অর্জন করতে হলে প্রথম শর্তই হলো, বাকি তিন ম্যাচে জিততেই হবে। তিনটি ম্যাচই জিতলে বাংলাদেশের পয়েন্টের হার ৫৫.৫৬ শতাংশ হবে।
এটুকুতেই অবশ্য হচ্ছে না। একইসাথে ভারত যেন বাকি ম্যাচগুলোতে পয়েন্ট না পায়, সেই চাওয়াও পূরণ হতে হবে। ভারতের অবশ্য এখনও অনেকগুলো টেস্ট রয়েছে। একইভাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও যেন খুব বেশি পয়েন্ট না পায়, সেই কামনাও করতে হবে। যদিও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। এখানে হতে পারে যেকোনো কিছুই।
তাই বাংলাদেশকে এখন শুধু নিজেরা ভালো করলেই হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও। বিশেষ করে বাংলাদেশের ঠিক সামনে থাকা ভারতের ম্যাচগুলো রাখবে বড় ভূমিকা।
