প্রথম ইনিংসে ৪০০ রান। ব্যাট হাতে দারুণ লড়াই- দ্বিতীয় ইনিংসে ব্যর্থতা আর বোলিংয়ে ভরাডুবি। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের শুরুটা ভালো হলো না। প্রথম টেস্ট ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি হলেও একের পর এক নো বল এবং গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে দলকে। বিশ্বের সেরা দলের বিপক্ষে এমন ভুলের কোনো সুযোগ নেই বলে মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের পর তার সংবাদ সম্মেলনের গুরুত্বপূর্ণ কথাগুলো কালবেলার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
এই টেস্টে প্রাপ্তি কী?
প্রথম ইনিংসে ৪০০ রান করা আমাদের জন্য বড় অর্জন। সাধারণত এ ধরনের কন্ডিশনে টস জিতে আগে ব্যাট করার সুযোগ পাওয়া যায় না। এবার সেই সুযোগ কাজে লাগিয়েছি। গত কয়েক বছরে আমাদের পেসাররা অসাধারণ উন্নতি করেছে। আমার মনে হয়, দলের পরিবর্তনে ফাস্ট বোলারদের এই উন্নতির বড় ভূমিকা রয়েছে।
৪০০ রান করেও হার?
বিশ্বের সেরা দলের বিপক্ষে এত ভুল করে জেতা সম্ভব নয়। আমরা অনেক নো বল করেছি, গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়েছি। বিশেষ করে শুরুতে উইকেট নেওয়ার সুযোগ তৈরি হলেও নো বলের কারণে সেটি কাজে লাগানো যায়নি। রিকেলটনের ক্যাচও মিস করেছি। এসব ভুলের কারণেই ম্যাচটি হেরেছি।
চাপের সময় লিটন-হৃদয়ের ব্যাটিং
টপ অর্ডারে ধস নামার পরও লিটন ও হৃদয় যেভাবে ব্যাটিং করেছে, তাতে আমি খুবই খুশি। হৃদয় মাত্র চারটি টেস্ট খেলেছে। এত অল্প অভিজ্ঞতা নিয়েও তার ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে। তামিমও ভালো করেছে। আশা করি, এই পারফরম্যান্স থেকে পাওয়া আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচেও ধরে রাখতে পারবে তারা।
ইবাদত কেন, শরিফুল কেন নয়?
তাসকিন, হাসান ও শরিফুল নতুন বলে ভালো বোলিং করে। আমাদের এমন একজন বোলার প্রয়োজন ছিল, যে মাঝের ওভারগুলোতে দ্রুতগতিতে বল করে বাড়তি থ্রেট তৈরি করতে পারবে। পুরোনো বলে ইবাদত সাধারণত ভালো করে। সেই বিবেচনা থেকেই তাকে নেওয়া হয়েছে। এটি মূলত রোটেশন পলিসির অংশ। আমাদের হাতে পাঁচ-ছয়জন পেসার আছে, তাদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে হয়।
দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা…
এই কন্ডিশনে দ্বিতীয় ইনিংসে ১৮০ থেকে ২২০ রান হওয়া অস্বাভাবিক নয়। তাই দ্বিতীয় ইনিংসের ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। প্রথম ইনিংসে ৪০০ রান করার পরও বোলিং ও ফিল্ডিংয়ে আমরা ভুল করেছি। ওই জায়গাগুলোতে ভালো করতে পারলে ফলাফল ভিন্ন হতে পারত।
মুশফিকের পারফরম্যান্স ও অভিজ্ঞতা…
মুশফিক ভাই এই চক্রে প্রায় ৪৪ গড়ে ব্যাটিং করছেন। ব্যাটিংয়ের পাশাপাশি তার অভিজ্ঞতা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাকে নিয়ে আমার কোনো সংশয় নেই। আমি বিশ্বাস করি, পরবর্তী ম্যাচে তিনি আরও ভালোভাবে ফিরে আসবেন। কঠিন সময়ে যেভাবে তিনি দলের জন্য রান করেন, তা আমাদের জন্য অনেক বড় পাওয়া।
মুমিনুলে এত আস্থা কেন?
মুমিনুল ভাই অবশ্যই কিছুটা সংগ্রাম করছেন। তবে তার অভিজ্ঞতা দলের কাজে আসবে। তিনি মানসিকভাবে অনেক শক্তিশালী। এতদিন যেটা হয়নি, আশা করি পরবর্তী ম্যাচেই সেটি হবে।
পেস বোলিং অলরাউন্ডারের অভাব…
আমাদের দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব সব সময়ই অনুভব করি। কয়েক বছর ধরে নির্বাচকদের কাছে অন্তত একজন পেস বোলিং অলরাউন্ডার চেয়েছি; কিন্তু এখনো পাচ্ছি না। আশা করি, কোচিং স্টাফ এই ঘাটতি পূরণে এক-দুজন ক্রিকেটার তৈরি করতে পারবেন।
হাসানের চোটের অবস্থা কেমন?
হাসানের চোটের বিষয়ে আমি নিশ্চিত নই। ফিজিও ভালো বলতে পারবেন। সে ফিট থাকলে দ্বিতীয় টেস্টে খেলবে। তবে এখনো বিষয়টি নিশ্চিত নয়।
