শেখ হাসিনার পাসপোর্ট পেতে করণীয় জানতে ফের চিঠি, স্বাক্ষরটি জাল বলছে হাইকমিশন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০২:১২ AM

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে করণীয় জানতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি দিয়েছেন তার আইনজীবী। লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস শেখ হাসিনার হয়ে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ইমেইলটি পাঠায়। ইমেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত ওকালতনামাও যুক্ত করা হয়েছে।

অর্থাৎ তার হয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক অনুমতিও জমা দিয়েছে ম্যাট্রিক্স চেম্বারস। সেখানে পাসপোর্ট ও এনআইডি পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে তা জানতে চাওয়া হয়েছে।

দিল্লি হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, ওকালতনামায় শেখ হাসিনার জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। কারণ সাবেক এই প্রধানমন্ত্রী সবসময় বাংলায় স্বাক্ষর করে থাকেন। ওকালতনামায় দেওয়া স্বাক্ষরটি করা রয়েছে ইংরেজিতে।

চিঠিতে স্টিভেন পাওলেস উল্লেখ করেন, ৯ নভেম্বর পাঠানো চিঠির ধারাবাহিকতায় পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত অগ্রগতি জানতে চেয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আবেদন সংক্রান্ত অনুরোধটি হাইকমিশনে পৌঁছেছে বলে তারা জানতে পেরেছেন। তবে শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিকভাবে আইনি প্রতিনিধিত্বের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, লন্ডনের ওই সংস্থা এর আগে ৯ নভেম্বর বাংলাদেশের হাইকমিশনারকে ইমেইল পাঠিয়ে জানতে চেয়েছিল শেখ হাসিনার বাতিল পাসপোর্ট এবং জাতীয় নাগরিক পরিচয়পত্র ফেরত পেতে কী করণীয়। কিন্তু বিগত ১০ দিনে হাইকমিশনারের অফিস থেকে কোনো জবাব মেলেনি। দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য দিতে অনুরোধ জানিয়ে দ্বিতীয় ইমেইলটি করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। বাতিল করা হয় তাদের এনআইডিও। গত ৯ নভেম্বর শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে আবেদনের বিষয়টি প্রকাশ্যে আসার পর বাংলাদেশের একাধিক মন্ত্রী বলেছিলেন, তাকে নতুন করে পাসপোর্ট বা এনআইডি দেওয়ার প্রশ্ন নেই। শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তাকে ভারতের কাছ থেকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।