‘২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০২:১৭ AM

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে স্পেনকে এগিয়ে রাখছেন দেশটির ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লোজান। তার দাবি, বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ স্পেন ছাড়া অন্য কোনো দেশে আয়োজনের সুযোগ নেই। এ বিষয়ে ফিফার সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার মাদ্রিদে অনুষ্ঠিত ‘এক্সপানসিওন অ্যান্ড মার্কা বিজনেস স্পোর্টস ফোরামে’ বক্তব্য দিতে গিয়ে লোজান বলেন, ২০৩০ বিশ্বকাপ ইউরোপীয় মহাদেশের আয়োজন। তাই স্পেন ও পর্তুগালেরই এই টুর্নামেন্টে মূল ভূমিকা থাকা উচিত। তবে পর্তুগালে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার কোনো স্টেডিয়াম না থাকায় দেশটি ফাইনাল আয়োজনের প্রতিযোগিতা থেকে সরে এসেছে বলে দাবি করেন তিনি।

লোজানের ভাষায়, ‘তাই ফাইনাল শুধু স্পেনেই হতে পারে এবং সেখানেই হবে।’ বিষয়টি দ্রুত চূড়ান্ত করতে ফিফার সঙ্গে আলোচনা চালানোর কথাও জানান তিনি। ২০২৪ সালে জমা দেওয়া বিশ্বকাপের যৌথ বিডে ফাইনালের জন্য তিনটি ভেন্যুর নাম প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার ক্যাম্প ন্যু এবং মরক্কোর একটি স্টেডিয়াম রয়েছে।

অন্যদিকে, ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার পরিকল্পিত কিং হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজন করতে চায় মরক্কো। ফলে আয়োজক দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা এখনো শেষ হয়নি। স্পেনের বিরোধীদলীয় নেতা আলবার্তো নুনিয়েস ফেইহোও বলেছেন, ফাইনাল আয়োজনের দায়িত্ব না পেলে বিশ্বকাপ আয়োজন থেকে স্পেনের সরে দাঁড়ানো উচিত। তবে ফিফা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। লোজানের আশঙ্কা, এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে ২০২৮ সালে। ২০৩০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচগুলো হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর মূল আয়োজন চলবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়।