সহকারী রেফারিকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইকুয়েডরের এক ফুটবলার। ওই ফুটবলারের নাম জন পেরলাজা। দেশটির তৃতীয় স্তরের এক ম্যাচে ঘটা এই ঘটনায় গুরুতর আহত ওই রেফারিকে পরে অস্ত্রোপচারও করাতে হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) জানায়, সহকারী রেফারি গুরুতর আঘাত পেয়েছেন, যার জন্য অস্ত্রোপচার এবং ৬০ দিনের বিশ্রামের প্রয়োজন হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১৭ অক্টোবর, পেরলাজার দল ক্লাব সিউদাদ দে ইয়ান্তজাজা ও ক্লাব রিও আগুয়ারিকো এফসির মধ্যকার ম্যাচের ৯৬তম মিনিটে। সহকারী রেফারি লেনিন জিওভান্নি ওজেদা নুনেজ আঘাত পাওয়ার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ফেডারেশনের বিবৃতিতে আরও বলা হয়, শৃঙ্খলা কমিটি ম্যাচ অফিসিয়ালের ওপর শারীরিক আক্রমণের জন্য ওই খেলোয়াড়কে দোষী সাব্যস্ত করেছে এবং আগামী ১৯ অক্টোবর ২০৩৪ সাল পর্যন্ত আট বছরের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে তাকে নিষিদ্ধ করেছে। এ ছাড়া এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করার জন্য ফিফার কাছেও আবেদন করবে ফেডারেশন।
এফইএফ জানিয়েছে, এই ঘটনায় ইয়ান্তজাজা ক্লাবকে দুই হাজার ডলার জরিমানা গুনতে হবে। পাশাপাশি সহকারী রেফারির চিকিৎসার খরচ বাবদ আরও চার হাজার ৩৬৯ দশমিক ৭৩ ডলার পরিশোধ করতে হবে ক্লাবটিকে।
এর আগে ২০ অক্টোবর এক বিবৃতিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য রেফারি দল ও সমর্থকদের কাছে ক্ষমা চায় ইয়ান্তজাজা ক্লাব কর্তৃপক্ষ।
বিবৃতিতে তারা জানায়, একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা মাঠের ভেতরে ও বাইরে যেকোনো ধরনের মৌখিক বা শারীরিক আক্রমণের তীব্র নিন্দা জানাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফুটবল হলো পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও ফেয়ার প্লের জায়গা।
ক্লাবটি আরও যোগ করে, এই দুঃখজনক ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করার পরপরই প্রতিষ্ঠান তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তিনি আর আমাদের ক্লাবের অংশ নন।
সূত্র: আলজাজিরা।
