যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল ২১ নভেম্বর শনিবার পালিত হবে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
দিবসের কর্মসূচির শুরু হবে ফজরের নামাজের পর দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে তিন বাহিনীর প্রধানরাও শ্রদ্ধা নিবেদন করবেন।
এ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত হবে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এতে সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
এ ছাড়া দেশের বিভিন্ন সেনানিবাস ও নৌঘাঁটিতে নানা কর্মসূচি পালন করা হবে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজ বেলা ২টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
