চরমোনাই পীর আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন, এমন প্রচারণাকে বিভ্রান্তিকর দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির অভিযোগ, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বক্তব্যের খণ্ডিত অংশ তুলে ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে দলটি দাবি করেছে, পীর সাহেব চরমোনাই মূলত আওয়ামী লীগের সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এবং দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় সদস্য কেএম শরীয়াতুল্লাহর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে আওয়ামী লীগের কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন। এসব কর্মকাণ্ডে দেশ ও জনগণের ক্ষতি বন্ধে সুস্পষ্ট অবস্থান নেওয়ার পাশাপাশি চলমান অস্থিতিশীলতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।
ইসলামী আন্দোলনের দাবি, পীর সাহেব চরমোনাই মূলত বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে দেশ ও মানুষের কল্যাণে। কোনো দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডে দেশের, জনগণের কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে তা গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথাও বলেছেন তিনি।
তবে বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে তুলে ধরে পীর সাহেব চরমোনাই আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কিংবা দলটির কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন, এমন ধারণা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে দলটি। তাদের ভাষ্য, এ ধরনের উপস্থাপনা বক্তব্যের মূলভাব ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পীর সাহেব চরমোনাইর বক্তব্যের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা নয়; বরং দেশের চলমান অস্থিতিশীলতা, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে জনগণের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ ও জাতীয় স্বার্থ রক্ষা করা। বক্তব্যের শেষাংশে তিনি ইসলাম ও দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথাও স্পষ্ট করেছেন বলে দাবি দলটির।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বলেছে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও মূলভাব বিবেচনায় নেওয়া উচিত। বক্তব্যের একটি অংশ আলাদা করে এমন শিরোনাম বা ফটোকার্ড তৈরি করা উচিত নয়, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে কিংবা বক্তার অবস্থান সম্পর্কে ভুল ধারণা দেয়। ইতোমধ্যে প্রকাশিত বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড সংশোধন করে বক্তব্যের যথাযথ অর্থ তুলে ধরারও অনুরোধ জানিয়েছে দলটি।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া মন্তব্য, অপব্যাখ্যা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও বক্তব্য বিকৃত করা কিংবা জনমনে বিভ্রান্তি ছড়ানো কাম্য নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তির শেষাংশে দলটি এ ধরনের খণ্ডিত ও উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনায় উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। দেশের স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইসলামী আন্দোলন দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলেও দাবি করা হয়।
