আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা শুধু সিনিয়র দলের নিয়মিত ফুটবলারদের ঘিরে নয়, বয়সভিত্তিক দলগুলোর প্রতিভাবান খেলোয়াড়দেরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কোচিং স্টাফ। লিওনেল স্কালোনির সহকারী কোচ মাতিয়াস মান্নার প্রকাশ করা একটি তালিকায় উঠে এসেছে এমন ৭৪ ফুটবলারের নাম, যারা রয়েছেন আলবিসেলেস্তেদের কোচিং স্টাফের নজরদারিতে। খবর টিওয়াইসি স্পোর্টসের।
ভিডিও বিশ্লেষক ও কৌশলগত সহকারী মাতিয়াস মান্না নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টিনার এজেইজা অনুশীলন কমপ্লেক্সের সাম্প্রতিক অনুশীলনের কিছু ছবি প্রকাশ করেন। সেখানেই দেখা যায় খেলোয়াড়দের একটি তালিকা বা মানচিত্র। এতে সিনিয়র জাতীয় দল, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭; এই তিন স্তরে মোট ৭৪ জন ফুটবলারকে ভাগ করে রাখা হয়েছে।
তালিকা অনুযায়ী, সিনিয়র দলে রয়েছেন ২৮ জন। অনূর্ধ্ব-২০ দলে ২৪ জন এবং অনূর্ধ্ব-১৭ দলে আছেন ২২ ফুটবলার। খেলোয়াড়দের গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড; এই চার পজিশনেও ভাগ করা হয়েছে।
সিনিয়র দলে চার গোলরক্ষক, নয় ডিফেন্ডার, সাত মিডফিল্ডার ও আট ফরোয়ার্ড রয়েছেন। অনূর্ধ্ব-২০ দলে চার গোলরক্ষক, আট ডিফেন্ডার, সাত মিডফিল্ডার ও পাঁচ ফরোয়ার্ড। অন্যদিকে অনূর্ধ্ব-১৭ দলে রয়েছেন তিন গোলরক্ষক, আট ডিফেন্ডার, সাত মিডফিল্ডার ও চার ফরোয়ার্ড।
সিনিয়র দলে যারা আছেন
সিনিয়র দলের গোলরক্ষক হিসেবে নজরদারিতে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রান।
রক্ষণভাগে আছেন নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালার্দি, অ্যারন আনসেলমিনো, আগুস্তিন গিয়াই ও গনসালো মন্তিয়েল।
মিডফিল্ডে রয়েছেন মাসিমো পেরোনে, এজেকিয়েল ফার্নান্দেজ, ভ্যালেন্তিন বারকো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকিয়েল পালাসিওস ও নিকো পাজ।
আক্রমণভাগে নজরদারিতে আছেন জিয়ানলুকা প্রেস্টিয়ানি, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হোসে লোপেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সুলে ও জিওভানি সিমিওনে।
অনূর্ধ্ব-২০ দলে ২৪ ফুটবলার
এই বয়সভিত্তিক দলের গোলরক্ষক হিসেবে রয়েছেন মাসিমো লেগুইসামন, দামিয়ান তালাভেরা, রামিরো বুরাত্তি ও আগুস্তিন কোর্তেস।
ডিফেন্ডারদের তালিকায় আছেন হোয়াকিন সালাস, লুকাস আয়ালা, গনসালো এসকুদেরো, হুয়ান আরাইয়াগো, মাতেও মার্তিনেজ, ইগ্নাসিও ওভান্দো, ভ্যালেন্তিন লোসা ও এলিয়াস ভেরন।
মিডফিল্ডে রয়েছেন ব্রুনো গালাসি, আলেহান্দ্রো তেয়ো, ফাকুন্দো কারিজো, হেরোনিমো গোমেজ মাত্তার, ফ্রাঙ্কো পেরেজ, ফাকুন্দো গুচ ও রামিরো তুলিয়ান।
আর আক্রমণভাগে আছেন ফাকুন্দো হাইনিকোস্কি, ভ্যালেন্তিন দাভিলা, ফ্রাঙ্কো দমিঙ্গেজ, ইয়ান সুবিয়াব্রে ও অ্যালেক্স ভেরন।
অনূর্ধ্ব-১৭ দলেও নজর প্রতিভাবানদের দিকে
অনূর্ধ্ব-১৭ দলের তিন গোলরক্ষক হলেন ভ্যালেন্তিন রেইগিয়া, থিয়াগো পার্গা ও কেভিন বায়েজ।
রক্ষণভাগে রয়েছেন বাউতিস্তা রোলদান, সিমন এসকোবার, অ্যালেক্স কারদোসো, বাউতিস্তা হিমেনেজ, মাতেও মেন্দিসাবাল, আলভারো গুইচ, হুলিও কোরিয়া ও থিয়াগো পেরেজ।
মিডফিল্ডে আছেন মাতেও সানচেজ, আলান আলকারাজ, জিওভান্নি বারোনি, মার্কোস অর্তিজ, বেনহামিন ভায়েহো, মাতেও মাচুকা ও গালো এসকোবার।
আক্রমণভাগে রয়েছেন হুয়ান ক্রুস পলিসেলা, এমিলিয়ানো বারিওনুয়েভো, ফাকুন্দো সালিনাস ও তোবিয়াস গোইতিয়া।
চোট ও নিষেধাজ্ঞায় বাইরে থাকলেও নজরদারিতে তারকারা
প্রকাশিত তালিকার উল্লেখযোগ্য দিক হলো, সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে না থাকা বেশ কয়েকজন তারকাও রয়েছেন কোচিং স্টাফের পর্যবেক্ষণে। চোটের কারণে সর্বশেষ বিরতিতে খেলতে পারেননি ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস গনসালেস ও লাউতারো মার্তিনেজ। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে বাইরে ছিলেন লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা। এ ছাড়া সর্বশেষ দলে ডাক না পাওয়া রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোর নামও রয়েছে তালিকায়।
বোকা জুনিয়র্সের তরুণ ফুটবলার লিওনেল ফ্লোরেস, মিলতন দেলগাদো ও তোমাস আরান্দাও রয়েছেন এই পর্যবেক্ষণ তালিকায়। তবে সর্বশেষ প্রীতি ম্যাচের দলে তাদের বিবেচনা করা হয়নি।
