উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়াকে বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বাদ পড়ার ‘প্রতিশোধ’ হিসেবে দেখতে নারাজ ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। তার স্পষ্ট কথা, অতীত নয়, বরং টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেওয়া এবং শিরোপার জন্য লড়াই করাই তার দলের মূল লক্ষ্য।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে হারের ফলে নেশনস লিগে অপেক্ষাকৃত কঠিন পথে পড়ে গেছে স্পেন। নিজ গ্রুপে রানার্সআপ হওয়ায় শেষ আটের ড্রয়ে তাদের প্রতিপক্ষ হয়েছে ফ্রান্স। নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ স্পেনের বাইরে, অর্থাৎ ফ্রান্সের মাঠে খেলতে হবে লা রোহাদের।
এই লড়াই সামনে আসতেই ফিরে আসছে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি, যেখানে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে উঠেছিল স্পেন এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপাও জিতে নেয়। তবে গত জুলাইয়ে কী ঘটেছিল, তা নিয়ে পড়ে থাকতে চান না ফরাসি কোচ।
জিদান বলেন, এটি বিশ্বকাপ সেমিফাইনালের কোনো প্রতিশোধের ম্যাচ নয়। এটি ভিন্ন একটি প্রতিযোগিতা এবং নতুন একটি দল। আমাদের লক্ষ্য আগের মতোই আছে- সেমিফাইনালে ওঠা এবং নেশনস লিগের শিরোপা জেতা।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৫ মার্চ, আর ২৮ মার্চ নিজেদের মাঠে ফিরতি লেগে স্পেনকে আতিথ্য দেবে ফ্রান্স।
নেশনস লিগের ড্রয়ে ফাইনাল পর্যন্ত দলগুলোর পথও চূড়ান্ত হয়ে গেছে। বর্তমান বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং ফ্রান্সের মধ্যকার জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পর্তুগালের ম্যাচের জয়ীর। ড্রয়ের অন্য প্রান্তে জার্মানি ও বেলজিয়ামের জয়ী দল খেলবে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার জয়ীর বিপক্ষে। সেমিফাইনাল দুটি হবে ২০২৭ সালের ৯ ও ১০ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুন।
প্রতিপক্ষ স্পেনের শক্তির জায়গা নিয়েও কথা বলেছেন জিদান। শুরু থেকেই যে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তা জানতেন উল্লেখ করে তিনি বলেন, কোচিং স্টাফদের নিয়ে স্পেনের খেলা চুলচেরা বিশ্লেষণ করবেন তিনি।
ফরাসি কিংবদন্তির ভাষায়, আমরা জানতাম যে আমাদের শক্তিশালী কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আমরা তাদের ভালোভাবেই চিনি, তবে তাদের সাম্প্রতিক ম্যাচগুলোও দেখেছি এবং আমার কোচিং স্টাফদের নিয়ে সবকিছু বিশ্লেষণ করব। যে কোনো টুর্নামেন্টে বহুদূর যেতে হলে সেরা দলগুলোর মুখোমুখি হতে হয় এবং তাদের হারিয়েই এগোতে হয়।
মার্চের এই মহারণের প্রস্তুতি প্রসঙ্গে জিদান জানান, সেরা স্কোয়াড গড়তে নভেম্বরে দলে থাকা খেলোয়াড়দের পাশাপাশি বাকিরাও কোচিং স্টাফদের নজরে থাকবেন।
তিনি আরও যোগ করেন, এই দারুণ চ্যালেঞ্জের জন্য সম্ভাব্য সেরা দল গড়তে আমরা নভেম্বরে থাকা খেলোয়াড়দের পাশাপাশি অন্যদেরও অনুসরণ করে যাব। আমি জানি সবাই নিজ নিজ ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে এবং আগামী চার মাসের মধ্যে আমাদের আর একত্র হওয়া হচ্ছে না। তবে আমি আত্মবিশ্বাসী যে তারা এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের কথা মাথায় রাখবে, যাতে মার্চের আগেই পুরোপুরি প্রস্তুত থাকতে পারে।
