মেসি নেই, গ্যালারিও ফাঁকা: উদ্বিগ্ন মার্তিনেজের পরামর্শ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২:৩০ AM

লিওনেল মেসি নেই, তাই কি আর্জেন্টিনা দলকে ঘিরে দর্শকদের আগ্রহেও ভাটা পড়েছে? তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সবশেষ দুটি প্রীতি ম্যাচের চিত্র অন্তত তেমন ইঙ্গিতই দিচ্ছে। গ্যালারির বড় অংশ ফাঁকা থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সমর্থকদের মাঠে ফেরাতে টিকিটের দাম কমানোর পাশাপাশি শিশু-কিশোরদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত অক্টোবরে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন মেসি। সেদিন এই কিংবদন্তি ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে বিদায় নেন জাতীয় দল থেকে। এই দীর্ঘ পথচলায় তিনি জিতেছেন ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা। আলবিসেলেস্তেদের হয়ে সর্বোচ্চ ২০৮ ম্যাচ খেলে করেছেন রেকর্ড ১২৬ গোল।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচেই দেখা যায় দর্শকখরার চিত্র। গত শনিবার বুয়েনস এইরেসের বিখ্যাত বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারে তারা। ৫৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল প্রত্যাশার তুলনায় বেশ কম। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনের হিসাবে, ম্যাচটি দেখতে মাঠে এসেছিলেন মাত্র ২০ থেকে ২৫ হাজার দর্শক।

এরপর বুধবার কর্দোবার এস্তাদিও মারিও আলবের্তো কেম্পেসে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। কিন্তু বিশাল জয়ের রাতেও গ্যালারি ভরাতে পারেনি দলটি। ৫৭ হাজার আসনের স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে দর্শক উপস্থিতি ছিল ৩১ হাজার। ক্লারিন জানিয়েছে, ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে অনেক টিকিট বিনা মূল্যে বিতরণ করা হয়েছিল। এমনকি খেলা শুরু হওয়ার পরও উল্লেখযোগ্যসংখ্যক দর্শক স্টেডিয়ামে প্রবেশ করেন।

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার অধিনায়কত্ব করা এমিলিয়ানোও গ্যালারির এমন চিত্রে হতাশ। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অবশ্যই আমরা চাই, স্টেডিয়ামগুলো আরও বেশি দর্শকে পূর্ণ থাকুক। শিশুদের মাঠে আনার জন্য সহায়ক উদ্যোগ নিতে হবে আমাদের। মানুষকে আবার এই জাতীয় দলের প্রেমে ফেলতে হবে।’

মেসি না থাকায় দর্শকদের আগ্রহে যে পরিবর্তন এসেছে, সেটিও স্বীকার করেছেন চেলসির ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক, ‘আমরা জানি, লিও (মেসি) এখন এখানে নেই। মানুষ যে তাকে আরও বেশি খেলতে দেখতে চেয়েছিল, সেটাও স্বাভাবিক। কিন্তু দিন শেষে এটি আর্জেন্টিনার জাতীয় দল। আর এই দলের প্রতি মানুষের ভালোবাসা আমাদের প্রয়োজন।’

শুধু সমর্থকদের মাঠে ফেরার আহ্বান জানিয়েই থামেননি এমিলিয়ানো। গ্যালারি ভরাতে টিকিটের দাম কমানোরও দাবি জানিয়েছেন তিনি, ‘আমাদের আবার পূর্ণ গ্যালারিতে খেলতে হবে। সেটি সম্ভব করার দায়িত্ব আমাদের খেলোয়াড়, কোচিং স্টাফ আর কর্মকর্তাদের। মানুষকে ভালোবাসা দিতে হবে, টিকিটের দাম কিছুটা কমাতে হবে এবং স্টেডিয়ামের সব আসন পূর্ণ করতে হবে। মানুষকে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে হবে, যা আমাদেরও প্রয়োজন।’

গত জুলাইয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এখন পর্যন্ত পাঁচটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে জয় চারটিতে, হার একটিতে। মাঠের পারফরম্যান্সে আপাতত বড় সংকট না থাকলেও অবসরে যাওয়া মেসির শূন্যতা পূরণের কঠিন চাহিদার পাশাপাশি গ্যালারিতে দর্শকদের আগ্রহ ধরে রাখাও দলটির সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।