গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খাবার পানিসহ প্রয়োজনীয় সামগ্রী আওয়ামী লীগ সরবরাহ করছে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’ শিরোনামে একটি তথ্য প্রচার করা হয়। বিজিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, প্রচারিত এ তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজিবি জানায়, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী নিয়মিত সরবরাহকারীর মাধ্যমে নগদ অর্থে কেনা হয়। স্থানীয় দোকানদারের কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি ক্রয় করা হয় এবং দোকানদার ভ্যানযোগে তা বিজিবি সদস্যদের কাছে পৌঁছে দেন। এটি বাহিনীর নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম।
এ কার্যক্রমের সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বিজিবি। বাহিনীর দাবি, একটি সাধারণ ক্রয় ও সরবরাহ কার্যক্রমকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিজিবির নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। দায়িত্ব পালনরত সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে এসব সামগ্রী সরবরাহের সুযোগ নেই।
বিজিবির নিজস্ব অর্থায়নে কেনা পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করাকে বাস্তবতাবিবর্জিত ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর শামিল বলেও উল্লেখ করা হয়েছে।
এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিজিবি। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের প্রচার থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাহিনী।
বিজিবি আরও বলেছে, কোনো ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করা গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব। একটি রাষ্ট্রীয় বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
