আইসিসির মোট সম্পদ কত? আর্থিক সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন!

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ AM

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মকানুন তৈরি থেকে শুরু করে বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্ট আয়োজন, ক্রিকেটের প্রশাসনিক ও বাণিজ্যিক দুনিয়ায় আইসিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের বাইরেও এই সংস্থার আর্থিক সাম্রাজ্য যে কতটা বড়, তা স্পষ্ট হয়ে যায় তাদের প্রকাশিত আর্থিক হিসাব দেখলে।

আইসিসির মোট সম্পত্তি কত?
আইসিসির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, সংস্থার মোট সম্পদের পরিমাণ ১.৭৭৬ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি অর্থে প্রায় ২৩ হাজার কোটি টাকার সমান।  

নেট সম্পদের অঙ্ক কত?
মোট সম্পদ থেকে সমস্ত দায় বাদ দিলে পাওয়া যায় নিট সম্পদ বা নেট অ্যাসেট। আইসিসির ক্ষেত্রে ২০২৫ সালের শেষে সেই অঙ্ক ছিল ১.১০৭ বিলিয়ন ডলার। ২০২৪ সালের শেষে আইসিসির নেট অ্যাসেট ছিল ৫৬৪.৫ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সংস্থার নিট সম্পদ প্রায় দ্বিগুণ হয়েছে।

আয়ের অঙ্কেও বড় সংস্থা আইসিসি:
২০২৫ সালে আইসিসির মোট আয় ও অন্যান্য প্রাপ্তির পরিমাণ ছিল ৭৫৬.৩ মিলিয়ন ডলার। আগের বছর এই অঙ্ক ছিল ৭৭৬.৬ মিলিয়ন ডলার। অর্থাৎ আয় সামান্য কমলেও সংস্থার আর্থিক উদ্বৃত্ত বেড়েছে। ২০২৫ সালে আইসিসির নিট উদ্বৃত্ত ছিল ৫৪৩.৩ মিলিয়ন ডলার, যা ২০২৪ সালের ৪৭৪ মিলিয়ন ডলারের তুলনায় বেশি।

সম্প্রচার স্বত্ব থেকেই বড় আয়:
আইসিসির আয়ের অন্যতম প্রধান উৎস আন্তর্জাতিক ক্রিকেটের সম্প্রচার স্বত্ব। যেখানে ভারতীয় বাজারের গুরুত্বটা বেশি। আইসিসির মোট মিডিয়া রাইটসের মূল্যের প্রায় ৭৫ শতাংশই আসে ভারতীয় বাজার থেকে। 

স্পনসরদের তালিকাতেও বড় বড় নাম:
সম্প্রচার স্বত্বের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে স্পনসরশিপ চুক্তি থেকেও বিপুল অর্থ আয় করে আইসিসি। এমিরেটস, সৌদি আরামকো, ডিপি ওয়ার্ল্ড, হুন্দাই এবং কোকা-কোলার মতো আন্তর্জাতিক ব্র্যান্ড আইসিসির বাণিজ্যিক অংশীদার। বিশ্বকাপ ও অন্যান্য আইসিসি টুর্নামেন্টের জনপ্রিয়তা এই স্পনসরশিপের বাজারকে আরও শক্তিশালী করে।

ক্রিকেটের জনপ্রিয়তাই আর্থিক সাম্রাজ্যের ভীত:
আইসিসির আর্থিক শক্তির পেছনে রয়েছে বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা, সম্প্রচার স্বত্বের বিপুল বাজার এবং বড় সংস্থাগুলোর স্পনসরশিপ। ২০২৫ সালের আর্থিক হিসাব অনুযায়ী, মোট সম্পদ, নিট সম্পদ এবং আয়—তিনটি ক্ষেত্রেই আইসিসির অবস্থান যথেষ্ট শক্তিশালী। তবে মনে রাখতে হবে, এই অঙ্ক সংস্থার আর্থিক সম্পদের হিসাব; কোনও ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি বা বাজারমূল্য নয়।